২৮ বছরের মধ্যে ২৪ বছরই লোকসানে বিসিআইসি
সরকারি সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) গত ২৮ বছরের মধ্যে ২৪ বছরই লোকসান দিয়েছে। এই সময়ে লোকসানের পরিমাণ ৭ হাজার ৯৮০ কোটি টাকা। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ও শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে বিসিআইসির লোকসান বাড়তে দেখা গেছে। ২৮ বছরের মধ্যে গত অর্থবছরে (২০২৩-২৪) বিসিআইসি রেকর্ড লোকসান দিয়েছে। পরিমাণ ৯১৩ কোটি টাকা।
তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, বর্তমানে বিসিআইসি উৎপাদিত প্রধান পণ্য সার। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গ্যাস-সংকটের কারণে বিসিআইসির নিয়ন্ত্রণে থাকা বেশির ভাগ সার কারখানা বন্ধ থাকায় সংস্থাটির লোকসান বেড়েছে। আর সিমেন্ট, কাগজ, গ্লাস শিটের মতো পণ্য উৎপাদনকারী কারখানাগুলো বছরের পর বছর লোকসান দিয়ে যাচ্ছে। এ বিষয়টিও সংস্থাটির লোকসানের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার ২৭ বছর (১৯৯৬-৯৭ থেকে ২০২২-২৩ অর্থবছর) এবং শিল্প মন্ত্রণালয়ের গত অর্থবছরের (২০২৩-২৪) বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, এই ২৮ বছরের মধ্যে ২৪ বছরে ৭ হাজার ৯৮০ কোটি টাকা লোকসান দিয়েছে বিসিআইসি। সংস্থাটির লোকসান প্রথমবারের মতো ৫০০ কোটি টাকা ছাড়ায় ২০১৭-১৮ অর্থবছরে। অন্য চার অর্থবছরে সংস্থাটি লাভ করেছে। লাভের পরিমাণ ৬৫৭ কোটি টাকা। বিসিআইসি সবশেষ লাভে ছিল ২০১৪-১৫ অর্থবছরে।
বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ইউরিয়া কারখানাগুলোই আমাদের মূল। কিন্তু গ্যাসের অভাবে উৎপাদন করতে না পারায় গত অর্থবছরে এমন (রেকর্ড) লোকসান হয়েছে। উৎপাদনে যেতে পারলে লোকসান কমে আসবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।