১৮ মাসের বেতন বকেয়া, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন নারায়ণগঞ্জের প্যারাডাইজ ক্যাবলস লিমিটেডের শ্রমিকেরা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেসক্লাবের সামনে প্যারাডাইজ ক্যাবলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা এ বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে শ্রমিকেরা জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুব আইলে অবস্থিত প্যারাডাইজ ক্যাবলস লিমিটেডে প্রায় ২৬০ জন শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। কিন্তু মালিকপক্ষ গত ১৮ মাস ধরে তাদের কোনো বেতন-ভাতা দিচ্ছেন না। এতে অনাহারে, অর্ধাহারে তারা দুর্বিষহ জীবন-যাপন করছেন।
কারখানাটির মালিক চার ভাইয়ের অভ্যন্তরীণ কোন্দলের কারণে শ্রমিকদের বেতন-ভাতা আটকে আছে অভিযোগ করে তারা আরও বলেন, হয় তারা শ্রমিকদের নিয়মিত বেতন দিয়ে কারখানা চালু রাখুক, নয়তো আইন অনুযায়ী বকেয়া বেতন ভাতা পরিশোধ করে কারখানা বন্ধ করে দিক। কিন্তু তারা দুটির একটিও করছেন না।
অবিলম্বে এ বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে শ্রমিক ট্রেড ইউনিয়নগুলোর নেতাদের নিয়ে কারখানাটির বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।