হুদা কমিশনের পথেই হাঁটছে আউয়াল কমিশন
নিজস্ব প্রতিবেদক:
বিতর্কিত নূরুল হুদা কমিশনের পথেই হাঁটছে আউয়াল কমিশন। হুদা কমিশনের ডিজাইনে কিছু সংযোজন, বিয়োজন করে এগুচ্ছেন তারা। ইতিমধ্যে তার কিছু আলামতও প্রদর্শন করা হয়েছে। সরকার গত ছয় মাস ধরে মাঠপর্যায়ে পুলিশ ও প্রশাসনকে যেভাবে সাজিয়েছিল তা বহাল রাখা হবে বলে ইতিমধ্যে একজন কমিশনার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ পুনরায় ক্ষমতায় আসতে মরিয়া যে রাজনৈতিক দল তার সরকারের সাজানো প্রশাসন দিয়েই নির্বাচন আয়োজন করবে ইসি। শুধু তাই নয়, নির্বাচনে যে কোনো ধরনের কারচুপি যেন জনসম্মুখে প্রকাশিত না হয় সেজন্য ফেসবুকসহ ইন্টারনেট বন্ধের ব্যবস্থাও নেয়া হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার মোবাইল ফোনও নিয়ে যেতে পারবেন না। কেন্দ্রের ভিতর থেকে সবুজ সিগন্যাল না আসা পর্যন্ত গণমাধ্যম এবং পর্যবেক্ষকদের কাউকে ভোটকেন্দ্রে ঢুকতে দেয়া হবে না।
এক সপ্তাহ আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার আগে খোদ নির্বাচন কমিশনই জানিয়েছিল, নির্বাচনের কাঙ্ক্ষিত যে পরিবেশ তা এখনো সৃষ্টি হয়নি। তফসিল ঘোষণার পরও নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে ইসিকে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি।
সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে যে হতাশা এবং অনিশ্চয়তা রয়েছে তা দূর করতে ইসি কোনো ভূমিকা নেয়নি। খোদ সরকারের সহযাত্রী সংসদের একমাত্র বিরোধী দল জাতীয় পার্টি এখনো বলছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরে আসেনি। ১৪ দলের শরিক দলগুলো ছাড়া নিবন্ধিত প্রায় সকল দলই একই ধরনের অভিমত ব্যক্ত করেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।