হাকালুকি হাওরে বিষটোপে মারা হচ্ছে অতিথি পাখি
হাকালুকি হাওর অবস্থিত দেশের উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও সিলেট জেলার পাঁচটি উপজেলার অংশ নিয়ে ১৮১.১৫ বর্গকিলোমিটার পানিভূমি এলাকা জুড়ে বিস্তৃত। এখানে ছোট-বড় ২৭৩ বিল, ১০ নদী ও অসংখ্য খাল রয়েছে। সরকার ১৯৯৯ সালে হাকালুকি হাওরকে পরিবেশগতভাবে সংকটপূর্ণ এলাকা ঘোষণা করে।
নাম প্রকাশ না করার শর্তে বড়লেখা উপজেলার আজিমগঞ্জ বাজারের এক জন ব্যবসায়ী বলেন, ‘সাত থেকে আট জনের একটি দল নিয়মিত পাখি শিকার করে আমার কাছে পাইকারি দামে বিক্রি করে। আমি এগুলো স্থানীয় বাজার ও বসতবাড়িতে বিক্রি করি।’ তিনি জানান, পরিযায়ী দুইটি পাখি ১৬০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। অনেকে অগ্রিম অর্ডার দিয়ে রাখেন।
পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্য খোরশেদ আলম বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী যে কোনো বন্যপ্রাণী হত্যা, শিকার, ক্রয়-বিক্রয় ও নিজের দখলে বন্দি করে রাখা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু, শীত মৌসুমে একটি চক্র পাখি শিকারের মতো নিকৃষ্ট কাজে জড়িয়ে পড়ে। আমরা পাখির শিকার রোধে মানুষকে সচেতন করে যাচ্ছি, তবুও এসব বন্ধ করতে পারছি না। হাকালুকি হাওর বাংলাদেশের বেশির ভাগ দেশি প্রজাতির পাখির আবাসস্থল ছাড়াও পরিযায়ী পাখির বিচরণভূমি হিসেবে দেশের অন্যতম পানিভূমি। আইনের প্রয়োগের অভাবের কারণে মূলত এটি ঘটে। পাখি বিক্রি রোধে আরো কঠোর হতে হবে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।