সিলেট সীমান্তে কৌশল পাল্টে চোরাচালান
২০২৩ সালের ১৬ ডিসেম্বর; রাত ৯টা। সিলেট সীমান্তের জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার এলাকা। ট্রাকভর্তি ভারতীয় পণ্য নিয়ে চোরাকারবারিরা এলাকাটি অতিক্রম করছিল। গোপন সংবাদ ছিল বিজিবির কাছে। ৪৮ বিজিবির অধীন শ্রীপুর বিওপির টহল দল গিয়ে উপস্থিত সেখানে। বিজিবি দেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। উদ্ধার করা হয় প্রায় তিন কোটি টাকার ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, শাল, সোয়েটার, রুমাল, বডি লোশন, ক্রিমসহ বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী।
একই মাসের ২৮ ডিসেম্বর রাতে প্রায় একই সময়। সীমান্ত এলাকা কানাইঘাটগামী পাকা রাস্তায় ধাওয়া করে ১৫৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে জকিগঞ্জ থানা পুলিশ। একসময় গভীর রাত কিংবা ভোররাতে চোরাচালান হতো সীমান্ত এলাকা দিয়ে। এখন সন্ধ্যা কিংবা দিনের বেলায় চোরাচালানের সময় বেছে নিচ্ছে চোরাকারবারিরা। শুধু সময় পরিবর্তন নয়, কৌশল করে পাথরবাহী ট্রাকের ভেতর লুকিয়েও পণ্য নিয়ে আসছে। বড় চালান ছাড়া ছোট চালানগুলো যাত্রীবাহী গাড়ি কিংবা ছোট বাহনে ব্যবহার করছে চোরাকারবারিরা। কখনও বিজিবি ও পুলিশকে ‘ম্যানেজ’ করে, কখনও তাদের চোখ ফাঁকি দিয়ে চোরাচালান করা হয় বলে জানিয়েছেন গোয়াইনঘাটের সীমান্তবর্তী এক ইউপি চেয়ারম্যান।
এ বিষয়ে বিজিবি-৪৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন জানিয়েছেন, তার আওতাধীন সীমান্ত এলাকায় চোরাচালান পণ্য উদ্ধার ও কারবারিদের আটকে তৎপর রয়েছেন বিজিবি সদস্যরা। চোরাচালান স্পট এলাকায় বেশি নজর দেওয়া হচ্ছে। আগের চেয়ে এখন চোরাচালানও কমেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান পণ্য আসছে বছরের পর বছর। সীমান্তবর্তী পাঁচটি উপজেলার কমপক্ষে ৮০ থেকে ১০০টি স্পট রয়েছে, যেগুলো দিয়ে প্রায় প্রতিদিনই পণ্য আসে। সম্প্রতি মাদকদ্রব্য আমদানি কমে গেলেও থেমে থাকেনি চা পাতা, চিনি, গরু-মহিষ, শাড়ি, মসলা, মটরশুঁটি, থ্রিপিস, সিগারেট, বিস্কুট, প্রসাধনীসহ নানা পণ্য।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।