সারাদেশে ঝরবে বৃষ্টি, পড়বে ঘন কুয়াশাও
আল ইহসান ডেস্ক:
দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অনেকটা কেটে গেছে। ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কমেছে শীতের প্রকোপ। তবে কিছু কিছু এলাকা এখনও তীব্র ঠান্ডায় কাঁপছে। এরইমধ্যে দেশের মানুষের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে বৃষ্টি। সপ্তাহজুড়ে বৃষ্টির মধ্যে তাপমাত্রা সামান্য ওঠা-নামা করলেও মধ্যরাত থেকে দুপুর অবধি পড়তে পারে ঘন কুয়াশা।
বুধবার (৩১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দ্বিতীয় দিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।