সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১১৪ পোশাক কারখানা বন্ধ
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা কালিয়াকৈরের চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছে। এদিকে ভবানীপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের অপর প্রতিষ্ঠান বিগবস কারখানায় আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
অপরদিকে, গাজীপুর মহানগরীর তিন সড়ক এলাকায় আড়ং ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের কর্মীরা শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৮ হাজার টাকা এবং ক্যাজুয়াল কর্মীদের চাকরি স্থায়ী করাসহ ১০ দফা দাবিতে আন্দোলন করেছে। এ ছাড়া রাজেন্দ্রপুর (বাংলাবাজার) এলাকায় পারটেক্স গ্রুপের আরসি কোলা বেভারেজ কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল থেকে এসব কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন।
কাশিমপুর থানার ভবানীপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের অপর প্রতিষ্ঠান বিগবস কারখানায় অন্দোলনকারী বিক্ষুব্ধ শ্রমিকরা বেলা ১১টার দিকে আগুন দেয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন বলেন, ‘বেক্সিমকো গ্রুপের কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছিল। বিক্ষুব্ধ শ্রমিকরা ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাংচুর করলে কর্মীরা চলে আসে। পরে আমরা সেনাবাহিনীর সহায়তা চেয়েছি। তারা সহযোগিতা করলে আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করবো।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো কারখানার শ্রমিকরা আন্দোলন করে সড়ক অবরোধ করে রাখেন। বিক্ষুব্ধ শ্রমিকরা ওই কারখানায় আগুন ধরিয়ে দেন। পরে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। এখন পর্যন্ত আগুন জ্বলছে।
সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১১৪ পোশাক কারখানা বন্ধ :
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে শ্রমিক বিক্ষোভের জেরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১১৪ পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ৫৪টি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। বাকিগুলো শ্রমিকেরা উপস্থিত হয়েও কাজ না করায় ছুটি ঘোষণা করা হয়েছে।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্ধ থাকা ১১৪টি কারখানার মধ্যে ১১১টি সাভার, আশুলিয়া ও জিরানি এলাকার। বাকি তিনটি কারখানা গাজীপুরের।
ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আজ বুধবার সকালে নির্দিষ্ট সময়ে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। তবে কারখানায় উপস্থিত হওয়ার পরও কাজ না করায় ৫৭টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রম আইনের ১৩ (১) ধারায় ৫৪টি কারখানা বন্ধ করা হয়। অর্থাৎ এসব কারখানার শ্রমিকেরা কাজ না করলে মজুরি পাবেন না।
খোঁজ নিয়ে জানা যায়, বিজিএমইএর নেতারা গত মঙ্গলবার পর্ষদ সভা করে আজ কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেন। তবে নেতাদের একটি অংশ আশুলিয়ার মালিকদের সঙ্গে আলোচনা করে শ্রম আইনের নির্দিষ্ট ধারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী কারখানা খোলা হয়নি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।