সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়ার বাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার (১৬ নভেম্বর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে তার বাড়ির দুটি ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মতলব উত্তরের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ পরিদর্শক নুরুল করিম বলেন, শনিবার রাত ১১টার দিকে আগুনের খবর পাই। মায়া চৌধুরীর বাড়ির দুটি তিনতলা ভবনের নিচতলায় আগুন দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সারোয়ার মজুমদার বলেন, আমরা এটিকে ন্যাক্কারজনক ঘটনা মনে করি। আমরা এটিকে এক বিন্দুও সমর্থন করি না। এ ঘটনায় আমাদের পরিবারের কোনো সদস্য জড়িত নয়। আমাদের নেতা তারেক রহমান, আমরা কখনোই সহিংসতার রাজনীতি করি না। সহিংসতার রাজনীতিকে আমরা আশ্রয়-প্রশ্রয় দিই না। ’
কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানান। ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, বিএনপিকে প্রশ্নবিদ্ধের অপকৌশল হতে পারে। রাষ্ট্রের যেকোনো নাগরিকের বাড়িতে আগুন দেওয়া ফৌজদারী অপরাধ। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।