সাগরে নিম্নচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত
সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে সঞ্চারণশীল মেঘের সৃষ্টি হওয়ার বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এতে গত কয়েক দিনের ভাদ্র মাসের ভ্যাপসা গরম কমে আসবে বলে আশা করা হচ্ছে।
পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, কুড়িগ্রাম ও টাঙ্গাইল জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত হতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।