সরকারের ঋণ ২০ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
নিজস্ব প্রতিবেদক:
সরকারের ঋণের পরিমাণ গত বছরের সেপ্টেম্বর শেষে ২০ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে বিদেশী ঋণের পরিমাণ ছিল ৮ হাজার ৪৪৪ কোটি ৫৪ লাখ ডলার। প্রতি ডলার ১২০ টাকা (ওই সময়ের বিনিময় মূল্য) হিসাবে এর পরিমাণ দাঁড়ায় ১০ লাখ ১৩ হাজার ৩৪৪ কোটি টাকায়। বাকিটা অভ্যন্তরীণ ঋণ। রাজস্ব আহরণ ও বৈদেশিক আয়ের তুলনায় এ ঋণের পরিমাণ বর্তমানে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের ভাষ্য, কার্যকর ঋণ ব্যবস্থাপনা কৌশলের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে না পারলে ভবিষ্যতে কঠিন সংকটের মধ্যে পড়তে হতে পারে।
মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় রাজস্ব আদায়ের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বের সর্বনিম্ন দেশগুলোর একটি। রফতানি ও রেমিট্যান্সের ক্ষেত্রেও আয় আসছে না কাঙ্খিত মাত্রায়। অথচ প্রতি বছরই বাড়ছে ব্যয়ের পরিমাণ। এ অবস্থায় ব্যয় মেটাতে অভ্যন্তরীণ ও বিদেশী উৎস থেকে ক্রমাগত ঋণ করেছে পতিত শেখ হাসিনা সরকার। আবার এ ঋণের অর্থ থেকে দুর্নীতি ও অর্থ পাচারও হয়েছে। তাই গত আগস্টে গণ-অভ্যুত্থানের পর দায়িত্ব নেয়া অন্তর্র্বতী সরকারের কাঁধে বিশাল ঋণের বোঝা।
অর্থ মন্ত্রণালয়ের তথ্যানুসারে, আওয়ামী লীগ সরকার বিদায় নেয়ার আগে ২০২৩-২৪ অর্থবছর শেষে জাতির কাঁধে রেখে যায় ১৮ লাখ ৩২ হাজার ২৮২ কোটি টাকার ঋণের বোঝা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ছিল ১০ লাখ ২০ হাজার ২০৫ কোটি ও বিদেশী ঋণ ৮ লাখ ১২ হাজার ৭৭ কোটি টাকা।
শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে দেশের বাজেটের আকার যতটা বেড়েছে, তার চেয়ে অনেক বেশি স্ফীত হয়েছে সরকারের ব্যাংক ঋণ। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে দেশী-বিদেশী উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল ২ লাখ ৭৬ হাজার ৮৩০ কোটি টাকা। এর মধ্যে বিদেশী উৎস থেকে নেয়া হয়েছিল ১ লাখ ৬১ হাজার ২০ কোটি টাকার ঋণ। বাকি ১ লাখ ১৫ হাজার ৮১০ কোটি টাকা নেয়া হয় অভ্যন্তরীণ উৎস থেকে। ব্যাংক খাতের পাশাপাশি সঞ্চয়পত্রসহ অন্যান্য খাত থেকে নেয়া হয় এ ঋণ।
অর্থনীতিবিদরা বলছেন, একদিকে ক্রমাগত দেশের ঋণের পরিমাণ বেড়েছে, অন্যদিকে ঋণ হিসেবে নেয়া অর্থের নয়-ছয় হয়েছে। এমনকি দেশের বাইরেও পাচার হয়েছে। ঋণ নিয়ে এমন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে যেখান থেকে তেমন কোনো রিটার্ন আসছে না। উৎপাদনশীল খাতে ঋণের অর্থ ব্যয় করা না হলে সেটি পরিশোধের সক্ষমতাও কমে আসবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।