সচিবালয়ে থাকতে চান তারা, তাই পদোন্নতিতে আপত্তি
সচিবালয়ের বাইরেসহ সরকারের যেকোনো দপ্তরে পোস্টিং হওয়া এড়াতে অনেক প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা (এও-পিও) পদোন্নতি নিতে চাইছেন না। বিদেশে পদায়নের সুযোগ হারানোও সাধারণত তাদের এ মনোভাবের কারণ। প্রবণতাটি এমন জায়গায় এসে পৌঁছেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি পদোন্নতি গ্রহণে আপত্তি করা কর্মকর্তাদের আবেদন প্রত্যাখ্যান করে অনুশাসন জারি করেছে। জনপ্রশাসন বিশেষজ্ঞ পদোন্নতি না নিতে চাওয়ার আবেদনকে ‘অসদাচরণ’ আখ্যা দিয়ে বলেছেন, এমন আবেদনকারীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হওয়া উচিত।
সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা (এও-পিও) কিছু শর্ত পূরণ সাপেক্ষে ক্যাডারবহির্ভূত উপসচিব পর্যন্ত পদোন্নতি পান। কোনো কর্মকর্তা এসব পদ থেকে পদোন্নতি পেয়ে সহকারী সচিব হলে সরকারের যেকোনো দপ্তরে তাদের পদায়ন করা যায়। স্বরাষ্ট্র, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, বাণিজ্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ কয়েকটি সরকারি দপ্তরের কর্মীদের বিদেশে বাংলাদেশ মিশন ও দূতাবাসে পোস্টিংয়ের সুযোগ আছে। কিন্তু সহকারী সচিব পদে পদোন্নতি পেলে বিদেশের সেই পথ বন্ধ হয়ে যায়। এ জন্যও অনেক এও-পিও পদোন্নতি নিতে চান না।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বেশ কয়েকজন এও-পিও পদোন্নতি নিতে চান না জানিয়ে মন্ত্রণালয়ে আবেদন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিয়ে আবেদনগুলো গ্রহণযোগ্য নয় জানিয়ে সংশ্লিষ্ট সবার জন্য অনুশাসন জারি করেছে।
এক অফিস আদেশে সুরক্ষা সেবা বিভাগ বলেছে, কিছুসংখ্যক প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা সহকারী হিসেবে পদোন্নতির জন্য নাম আসা সত্ত্বেও অনীহা জানিয়ে আবেদন করেছেন। তারা পদোন্নতি গ্রহণ না করার কারণে নিচের পর্যায়ে থাকা সুরক্ষা সেবা বিভাগের সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকদের পদোন্নতি পাওয়ার সুযোগ কমে যাচ্ছে। আদেশে বলা হয়, ...পদোন্নতির ধারা গতিশীল এবং দাপ্তরিক কার্যক্রমে অনুকূল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পদোন্নতিযোগ্য কর্মচারীদের পদোন্নতি না নেওয়ার আবেদন গ্রহণযোগ্য নয় মর্মে নির্দেশক্রমে অনুশাসন জারি করা হলো।
পদোন্নতির বিষয়ে অনীহা নিয়ে অভিমত জানতে চাইলে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, সরকারি চাকরিতে পদোন্নতি দেওয়া হয় জনস্বার্থে, ব্যক্তির স্বার্থে না। যদি কেউ পদোন্নতি না নিতে চান, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হওয়া উচিত। পদোন্নতি না নেওয়ার আবেদন জানানো মানে অসদাচরণ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।