শীর্ষ ২০ ঋণখেলাপির কাছে ৩৫ হাজার কোটি টাকা
শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা প্রায় ৩৫ হাজার কোটি টাকা। এ তালিকায় ব্যাংক খাতের ঋণ জালিয়াতিতে আলোচিত সাদ মুসা গ্রুপ, এননটেক্স গ্রুপ, ক্রিসেন্ট গ্রুপ, মাইশা গ্রুপ, রতনপুর গ্রুপসহ বিভিন্ন গ্রুপের নাম রয়েছে। শীর্ষ খেলাপিদের একটি উল্লেখযোগ্য অংশ সরকারি মালিকানার জনতা এবং বেসরকারি মালিকানার ন্যাশনাল ব্যাংক। দুটি ব্যাংকের অবস্থা আগের চেয়ে অবনতি হয়েছে।
এদিকে ব্যাংকের শীর্ষ ঋণখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রণয়নের কাজ চলছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
গত বছরের ২৪ জানুয়ারি আ হ ম মুস্তফা কামাল শীর্ষ ২০ খেলাপির তালিকা সংসদে তুলে ধরেন। ওই তালিকার বেশির ভাগই ছিল বেসরকারি খাতের ন্যাশনাল ও রাষ্ট্রীয় মালিকানার জনতা ব্যাংকের গ্রাহক। খোঁজ নিয়ে জানা গেছে, আগের সংসদে যাদের নাম এসেছিল বেশিরভাগ ক্ষেত্রে এখনও শীর্ষ ঋণখেলাপির তালিকায় তারাই রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা। গত ডিসেম্বরে যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ ৩৬ হাজার ৬৬২ কোটি টাকা বেড়েছে। এক বছর আগের তুলনায় বেড়েছে ৫০ হাজার ৬৭৪ কোটি টাকা। আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত মেনে ২০২৬ সালের মধ্যে বেসরকারি ব্যাংকের খেলাপি ঋণ ৫ শতাংশের নিচে এবং সরকারি ব্যাংকের ১০ শতাংশের নিচে নামানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে খেলাপি ঋণ কম দেখাতে এখনকার মতো নীতি-সহায়তা রাখা যাবে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।