শর্তসাপেক্ষে জমজমের পানি বিক্রি
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার বায়তুল মোকাররম মসজিদ মার্কেটে দেদারসে বিক্রি হতো বোতলজাত জমজমের পানি। দুই মাস আগে খবর পেয়ে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পবিত্র এ পানির বৈধ কোনো সোর্স উল্লেখ করতে না পারা ও বিক্রির নৈতিকতার প্রশ্ন তুলে সে সময় বন্ধ করে দেওয়া হয় বিক্রি। পরে এই পানি বিক্রির বৈধতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয় ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্টদের। যাচাই শেষে সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে, শর্তসাপেক্ষে জমজমের পানি বিক্রি করা যাবে।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘জমজমের পানি বিক্রি জায়েজ আছে। এটা আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে লিখিত সিদ্ধান্তে জানিয়েছি। সীমিত পরিসরে এনে প্যাকিংসহ অন্য খরচের বিনিময়ে তারা (ব্যবসায়ীরা) এটা বিক্রি করতে পারবেন।’
এর আগে ভোক্তা অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনকে এ বিষয়ে মতামত দেওয়ার জন্য অনুরোধ জানায়। ইসলামিক ফাউন্ডেশন সম্প্রতি জমজমের পানি বিক্রি জায়েজ বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়কে। তবে এ মতামত এখনো ভোক্তা অধিদপ্তরে এসে পৌঁছায়নি। পানি বিক্রি চালু হবে নাকি বন্ধই থাকবে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এখনো হয়নি।
জমজমের পানি পুনরায় বিক্রির বিষয়ে মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘এর মধ্যে অনেক শর্ত রয়েছে। এক কথায় বৈধ-অবৈধ সিদ্ধান্ত দেওয়া হয়নি। অনেক শর্ত মানতে হবে। সারসংক্ষেপ হচ্ছে, জায়েজ আছে। তবে সেটা বৈধ সোর্স থেকে আসছে কি না, প্রকৃত জমজমের পানি কি না এবং প্রতারণা হচ্ছে কি না এমন অনেক শর্ত রয়েছে। সেগুলো মেনে পানি বিক্রি করতে হবে, যা কঠিন।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।