রিজার্ভ চুরির অর্থ ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সম্পূর্ণ অর্থ দেশে ফিরিয়ে আনতে ফিলিপাইনের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট তার পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এ সহযোগিতা চান।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফ করেন।
রাষ্ট্রপ্রধান বলেন, ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ১৫ মিলিয়ন ডলার ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সহযোগিতার জন্য ফিলিপাইনের সরকারকে ধন্যবাদ জানান তিনি।
রাষ্ট্রপতি আশা করেন, বাকি অর্থও যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতে এ সহযোগিতা অব্যাহত থাকবে।
বাংলাদেশ এবং ফিলিপাইনের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে যৌথভাবে কাজ করার কথা বলেন তিনি।
বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, ওষুধ, মাঝারি আকৃতির সমুদ্রগামী জাহাজসহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্য আমদানি করতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।