রাজশাহীতে কাটা ইলিশ নিতে ক্রেতার চাপ
রাজশাহীতে ইলিশ মাছ কেটে বিক্রি শুরু হয়েছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নগরীর সাহেব বাজারের মাছপট্টিতে কাটা ইলিশ বিক্রির উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ ও মৎস্যজীবী সমিতির নেতারা। এদিকে অনেক দিন পর ইলিশ কিনতে পেরে খুশি অনেক মানুষ। প্রথম দিনে বেশ সাড়া পড়েছে কাটা ইলিশ বিক্রির।
বাজার ঘুরে দেখা গেছে, দীর্ঘদিন ধরে দেশের বাজারে আকাশছোঁয়া ইলিশের দাম। নিম্নআয়ের মানুষের কাছে ইলিশের স্বাদ আর গন্ধ অধরা। এবার ইলিশের স্বাদ নিতে পারবেন জনসাধারণ। সেই সুযোগ করে দিয়েছেন রাজশাহীর ব্যবসায়ীরা।
তারা বলছেন, এখন সর্বনিম্ন আড়াইশো গ্রাম ইলিশ কিনতে পারবেন যে কেউ। এতে গোটা ইলিশের চেয়ে কেজিতে ২০০ টাকা দাম বেশি পড়বে।
তিন ভাগ ইলিশ মাছ কিনেছেন এন্তাজ আলী। তিনি বলেন, আমার ও আমার পার্শ্ববর্তী এলাকার লোকজনের জন্য আমি তিনভাগ মাছ কিনেছি। প্রতিভাগ মাছের দাম পড়েছে ৫০০ টাকা করে। এ মাছ কিনতে পেরে খুশি।
রাজশাহী সাহেব বাজারের মাছ বিক্রেতা মোবারক হোসেন বলেন, কেউ চাইলে গোটা মাছও কিনতে পারবেন। আবার কেউ চাইলে কাটা মাছ কিনতে পারেন। প্রথম দিনে কাটা মাছের বিক্রির চাহিদা বেশি। কাটা মাছ কিনতে হলে সাধারণ কেজি দরের মাছের চাইতে ২০০ টাকা বেশি দিতে হচ্ছে। কেননা মাছ কাটার পর নাড়ি ভুঁড়ি এসব কিছু বাদ দিতে হচ্ছে। প্রথম দিন হিসেবে ইলিশ বিক্রি ভালো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।