মাস্টার ও ভিসা কার্ডের তথ্য হাতিয়ে প্রতারণা করতো চক্রটি
মাস্টার ও ভিসা কার্ডধারীদের অ্যাকাউন্টের তথ্য নিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারণা চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার ক্রাইম ইউনিট। গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিনাজপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো- রবিউল মিয়া ও নজরুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন এবং ১০টি সিম কার্ড জব্দ করা হয়েছে। জব্দকৃত সিমগুলোর অধিকাংশই ভুয়া ব্যক্তিদের নামে নিবন্ধিত।
গত জুমুয়াবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।
তিনি জানান, বর্তমান ডিজিটাল প্রযুক্তির যুগে ভিসা ও মাস্টার কার্ড ব্যবহার করে পৃথিবীর যেকোনও দেশে ইলেকট্রনিক পেমেন্ট, কেনাকাটা, এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও মোবাইল রিচার্জসহ বিভিন্ন কাজ করা যায়। এই কার্ড ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্টে টাকা যুক্ত বা অ্যাড করা যায়। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে কার্ড ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ হাতিয়ে নিতো একটি প্রতারক চক্র। এই ধরনের কয়েকটি ঘটনায় ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। সিআইডি সাইবার ইন্টেলিজেন্স টিম মামলাগুলোর ছায়া তদন্ত শুরু করে এবং এ চক্রের সদস্যদের শনাক্ত করে। পরবর্তীতে দিনাজপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিআইডির এই কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে প্রতারক চক্রের এক সদস্য বিভিন্ন কার্ডধারীদের মোবাইল নম্বর সংগ্রহ করে অপরজনের কাছে পাঠায়। তারা কমিউনিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ব্র্যাক ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের কার্ড ডিভিশনের কর্মকর্তা সেজে ভিসা এবং মাস্টার কার্ড ব্যবহারকারীদের নম্বরে ফোন দিয়ে তথ্য হালনাগাদ, কার্ডের পিন নম্বর চার ডিজিটের পরিবর্তে ছয় ডিজিট ও ইমেইল আপডেট না করার কারণে কার্ডের কার্যক্রম বন্ধ হয়েছে-এসব তথ্য জানায়। অনেক কার্ডধারী অ্যাকাউন্টে বড় অঙ্কের ব্যালেন্স থাকায় আতংকিত হয়ে প্রতারকদের কথা অনুযায়ী কাজ করতে থাকে। এভাবে সংগৃহীত তথ্য থেকে ১৬ ডিজিটের কার্ডের নম্বর, কার্ডের মেয়াদ উত্তীর্ণের তারিখ, কার্ডের বিপরীত পাশে উল্লিখিত ৩ ডিজিটের (সিকিউরিটি পিন নম্বর) সিভিভি নম্বর সংরক্ষণ করে। পরবর্তীতে গ্রাহকদের কাছে ওটিপি কোড পাঠায়। কৌশলে পাঠানো ওটিপি কোড সংগ্রহ করে বিকাশ অ্যাপে ঢুকে ‘অ্যাড মানি’ অপশনের কার্ড টু বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎ করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।