মালচিং পদ্ধতিতে টমেটো চাষে বাজিমাত
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চরকর্নেশনা এলাকার চাষি রুবেল শেখ জানান, ইউটিউব থেকে শিখে মালচিং পদ্ধতিতে দুই বিঘা জমিতে টমেটোর চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে তিন লাখ টাকা, যার মধ্যে তিনি এরই মধ্যে এক লাখ টাকার টমেটো বিক্রি করেছেন।
তার দাবি, এ জমি থেকে অন্তত ১০ লাখ টাকার টমেটো বিক্রি হবে। চাষি শফিক শেখ জানান, তিনি ৩টি ভিন্ন জাতের টমেটো চাষ করেছেন। আধুনিক পদ্ধতিতে চাষ করার কারণে বৃষ্টি ও কুয়াশায় ক্ষতি হয়নি। তার টমেটো আকার ও রঙে ভালো হওয়ায় বাজারে সহজেই বিক্রি হচ্ছে। বর্তমানে রাজবাড়ীর বাজারে টমেটো ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. শহিদুল ইসলাম জানান, আধুনিক মালচিং পদ্ধতি ব্যবহারে ফলন বৃদ্ধি ও রোগ বালাই কম হয়। কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ এবং প্রণোদনা প্রদান করা হচ্ছে। চাষিরা আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ করলে লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।