ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য-বিবৃতিতে অসন্তুষ্ট ঢাকা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন, তা বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না বলে দিল্লিকে জানিয়েছে ঢাকা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।
তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে একাধিকবার ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে। ভারত সরকারকেও স্পষ্টভাবে জানানো হয়েছে, ৫ আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে চলে যাওয়ার পর যে বিভিন্ন গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য-বিবৃতি দিচ্ছেন, তা বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না।
তৌফিক হাসান বলেন, এ নিয়ে তীব্র অসন্তোষের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে বক্তব্য-বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারত সরকারকে আহবান জানানো হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। সে কারণে তাকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে তাকে বিরত রাখা জরুরি।
ভারতীয় ভিসাপ্রাপ্তি নিয়ে বাংলাদেশ সরকারের কোনো উদ্যোগ আছে কি না, জানতে চাইলে জনকূটনীতি বিভাগের এ মহাপরিচালক বলেন, ভিসার বিষয়ে ভারতের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। তারা বলছে, জনবল সংকটের জন্য ভিসা সমস্যা হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।