ভাইরাল হতে বাইকে আগুন দিয়ে অনলাইনে ভিডিও দিয়ে আয়
রাজধানীর আফতাবনগর হাউজিং এলাকায় ট্রাফিক পুলিশ অন্যায়ভাবে মামলা দিয়েছে- এমন অভিযোগ এনে বাইকে আগুন দেয় রাসেল। সে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে বাইকে আগুন দেয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।
ডিবি বলছে, রাসেলের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। বরং তার এক বন্ধুকে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে মামলা দেয় ট্রাফিক পুলিশ। সে সেই কেসের স্লিপ দেখিয়ে নিজের পাঁচ লাখ টাকা দামের বাইকে আগুন দিয়েছে। এই ভিডিও থেকে আয় করেছে মাত্র ২০০ ডলার।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, রাসেলকে গ্রেফতারের পর জানা যায়, তারা বাবা-মা বিদেশে থাকে। দেশে বসে একটি মোটরসাইকেল কিনে বখে যাওয়া রাসেল প্রতিদিন রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট রোড, মাওয়া, আফতাবনগর এলাকায় বিকট শব্দের বাইক খেলা, হাই স্পিডিং, বাইক স্ট্যান্ড এবং রাত-বিরাতে দল বেঁধে ছেলেমেয়েদের নিয়ে অশ্লীলতা চালিয়ে আসছিলো। এছাড়াও তিনি যুবক-যুবতীদের বিপদজনক, অশ্লীল ও ফানি ভিডিও বানিয়ে ভিউ বাড়ানোর চেষ্টা করে। তার কিছু ভিডিওতে মিলিয়ন ভিউ হলে সে জুয়ার সাইট প্রমোট করতে পারতো। যদিও এরই মধ্যে নিয়মিত জুয়ার সাইট প্রমোট করতো রাসেল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।