বড় দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং
গ্যাসের সরবরাহ বাড়ছে না। ফলে উৎপাদন বাড়ানো যাচ্ছে না গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে। এর মধ্যে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র। একই কারণে বন্ধ আছে ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট। এতে বিদ্যুৎ চাহিদা মেটানো যাচ্ছে না।
দুই দিন ধরে ঢাকার বাইরে বেড়েছে লোডশেডিং। ঢাকার বাইরে কোনো কোনো গ্রামে দিনে ৪ থেকে ৫ ঘণ্টা লোডশেডিংয়ে ভুগছে মানুষ।
ঢাকার বাইরে শহর এলাকায় কিছু কিছু লোডশেডিং হচ্ছে। তবে বেশি হচ্ছে গ্রামাঞ্চলে, যেখানে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো বিদ্যুৎ সরবরাহ করে। ময়মনসিংহের মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নের খামারি ছদরুল ইসলাম বলেন, লোডশেডিংয়ের কারণে মুরগি মারা যেতে পারে। জেনারেটর চালাতে খরচ বেড়ে যাচ্ছে।
সিলেট নগর ও জেলার ১৩টি উপজেলার অন্তত ১৭ জন গ্রাহকের সঙ্গে কথা হলো। তাঁরা বললেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তাঁরা অতিষ্ঠ। বুধবার রাতে সিলেট নগরের ব্রাহ্মণশাসন এলাকায় পাঁচ থেকে ছয়বার লোডশেডিং হয়েছে বলে অভিযোগ করেন ওই এলাকার বাসিন্দারা।
ফরিদপুরে শহর ও গ্রাম মিলে বিদ্যুতের চাহিদা ১৮০ মেগাওয়াট। সরবরাহ পাচ্ছে ১৩০ মেগাওয়াট। এতে ১৫-২০ শতাংশ ঘাটতি মেটানো হচ্ছে লোডশেডিং দিয়ে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।