ব্যাগেজ রুলসের আড়ালে স্বর্ণ চোরাকারবারিদের বিশাল সিন্ডিকেট
ব্যাগেজ রুলসের সুবিধা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে গড়ে উঠেছে চোরাকারবারিদের বিশাল সিন্ডিকেট। বিদেশ থেকে আসা একজন যাত্রী কী আনতে পারবেন, তা রয়েছে ব্যাগেজ রুলস বা বিধিমালায়। মূলত এ সুবিধায় আনা শত শত মণ স্বর্ণ চোরাকারবারিদের হাতে তুলে দিচ্ছে এক শ্রেণির যাত্রীরা। আর এই স্বর্ণগুলোই নানান কৌশলে সীমান্ত পার হয়ে চলে যাচ্ছে দেশের বাইরে।
বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এ রকম যাত্রীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের কয়েক শ’ ব্যক্তিকে- যারা নিয়মিত দুবাই বা সৌদি আরব গিয়ে স্বর্ণ এনে দেশে চোরাকারবারি সিন্ডিকেটের হাতে তুলে দেয়। আর এদের ব্যাপারেই পদক্ষেপ নিতে যাচ্ছে সংস্থাটি।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, আমরা এ বিষয়টি নিয়ে ভাবছি। বিমানবন্দরে কাস্টমসের কাজ অটোমেটেড সিস্টেমে করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কিছু সম্পন্ন হয়েছে। পুরোপুরি সম্পন্ন হলে আমরা এক যাত্রীকে একবার, দুইবার, সর্বোচ্চ তিনবার দেখবো। এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটা সময় দেখা যাবেÍ সে আর দেশের বাইরেই যেতে পারছে না। আমরা সেই বিষয়টির দিকে এগিয়ে যাচ্ছি।
জানা যায়, ব্যাগেজ রুলসের আড়ালে শাহজালাল কেন্দ্রিক চোরাকারবারিদের বিশাল সিন্ডিকেট গড়ে ওঠেছে। স্বর্ণের চোরাকারবারিরা বিভিন্ন লোকদের পাসপোর্ট-ভিসা বানিয়ে দিয়ে স্বর্ণ আনা নেওয়া করছে। কিন্তু তারা আড়ালে থেকে যাচ্ছে।
কাস্টমসের হিসাব অনুযায়ী, প্রতি বছর ট্যাক্স দিয়েই দেশে স্বর্ণ আসে প্রায় ৪ হাজার কেজি। সেই হিসেবে গত ৫ বছরে দেশে স্বর্ণ এসেছে ২০ হাজার কেজি। অথচ সরকারিভাবে আমদানি করে স্বর্ণ আনার পরিমাণ একেবারে নগণ্য।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।