বিতর্কিত প্রক্রিয়ায় বিটিসিএল ৫জি প্রকল্পের কাজ পেল হুয়াওয়ে
তড়িঘড়ি করে আইন লঙ্ঘনের মাধ্যমে এই প্রকল্পের কাজে হুয়াওয়েকে নিয়োগের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বলা হয়, বাংলাদেশে নাকি সরকারি ফাইল শামুকের গতিতে আগায়। আর এর ফলে যেকোনো প্রকল্প বাস্তবায়ন হতে সময় লেগে যায় অনেক বেশি।
তবে যে গতিতে ফাইলের কাজ এগিয়ে চীনের টেলিযোগাযোগ (টেলিকম) সংস্থা হুয়াওয়েকে ৫জি নেটওয়ার্ক অবকাঠামো প্রকল্পের কাজ দেওয়া হয়েছে, তাকে অবিশ্বাস্যই বলা চলে।
বেশকিছু নথি থেকে জানা গেছে, দরপত্র উন্মুক্তকরণ নোটিশ দেওয়ার দিন থেকে থেকে শুরু করে হুয়াওয়ের কাজ পাওয়ার দিনটি পর্যন্ত সব ধরনের সরকারি কাজ নজিরবিহীন দ্রুতগতিতে এগিয়েছে। আর এই দ্রুতগতিতে কাজ করতে গিয়ে ৫জি প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) লঙ্ঘন করেছে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিকাল ইউনিটের (সিপিটিইউ) ক্রয় সংক্রান্ত নীতিমালা।
তড়িঘড়ি করে আইন লঙ্ঘনের মাধ্যমে এই প্রকল্পের কাজে হুয়াওয়েকে নিয়োগের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে যেখানে বেশিরভাগ উন্নত দেশে ৫জি নেটওয়ার্ক সরবরাহের কাজ পেতে বাধার মুখে পড়েছে হুয়াওয়ে।
সিপিটিইউর সাবেক মহাপরিচালক একেএম ফজলুল করিম বলেন, 'এটা নজিরবিহীন এবং অসম্ভবও বটেÍসরকারের উচিত বিষয়টি তদন্ত করা।'
দ্রুতগতির ইন্টারনেট সেবা ৫জি বাস্তবায়নের প্রস্তুতিতে গত বছরের ফেব্রুয়ারিতে টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিটিসিএলকে ৪৬৩ কোটি টাকা ব্যয় করে একটি অপটিকাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক বসানোর দায়িত্ব দেয়।
বিটিসিএল গত বছরের ডিসেম্বরে ৫জি সেবার জন্য দরপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিলে এতে সাড়া দেয় হুয়াওয়ে, জেডটিই ও নোকিয়া। তিনটি প্রতিষ্ঠানকেই কারিগরি নিরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এটাই এই প্রক্রিয়ার প্রথম ধাপ। প্রতিষ্ঠানগুলো এই প্রকল্পের কারিগরি চাহিদা পুরোপুরি পূরণ করতে না পারা সত্ত্বেও এই সুযোগ পায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।