বিচারকরা কেন বিব্রতবোধ করেন, প্রশ্ন আসিফ নজরুলের
ঢালাও মামলা এবং বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা থেকে বের হতে বলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড.আসিফ নজরুল। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে প্রধান বিচারকের অভিভাষণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
হাইকোর্ট বিভাগের বিচারকদের উদ্দেশ্যে ড.আসিফ নজরুল বলেন, বিচারকদের কাছে মানুষ বিচার চাইতে আসে। তারা বিব্রতবোধ করেন। কেন বিব্রতবোধ করেন আপনি? বিব্রতবোধ করবেন যখন আপনার ভাই বোন বিচার চাইতে আসে। বিচারপ্রার্থী মানুষ কোথাও বিচার না পেয়ে আপনার কাছে এসেছে। আপনি কীভাবে বিব্রতবোধ করেন?
প্রধান উপদেষ্টার এক মামলা নিয়ে আইন উপদেষ্টা বলেন, আপনারা বর্তমান প্রধান উপদেষ্টা ড.ইউনূসের আর্জি গ্রহণ করতে বিব্রতবোধ করেছিলেন। কেন করেছিলেন। আপনার এটা দায়িত্ব না? আপনার এটা সাংবিধানিক দায়িত্ব না? আপনি শুনে (শুনানি গ্রহণ করে) রিজেক্ট করে দেন। সমস্যা নেই। আপনি শুনবেনই না। আপনাদের সুনাম কিছু বিচারকর কারণে ক্ষুণ্ন হয়েছে। এগুলি আর করবেন না। মানুষ বোকা না। মানুষের বিচার বুদ্ধি আছে।
ঢালাও মামলার বিষয়ে ড.আসিফ নজরুল বলেন, ফ্যাসিস্ট সরকার গায়েরি মামলা ও ঢালাও মামলার কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। অনেকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়ে গেছে। আমরা প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা ঢালাও মামলা, বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা মানুষের জীবন জীবিকাকে নিশ্চিহ্ন করা, মানুষের ক্রমাগত ক্ষত, ক্রোধ, কোন্দল সৃষ্টি করা থেকে বের হতে চাই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।