বাবার জন্যে থেকে থেকেই কাঁদে শিশু হুজাইফা
সাত বছর বয়সের হুজাইফা আজিমপুর লিটলস্ এঞ্জেলস স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। বাবার মৃত্যু মেনে নিতে পারছে না। বারবার বাবার কথা বলে। সব সময় মন খারাপ করে থাকে। বাবার কথা মনে করে কাঁদতে শুরু করে।
রাজধানীর পলাশিতে বাবার সরকারি কোয়ার্টারে এমন কথা জানান বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর নিউমার্কেট এলাকায় পুলিশের গুলিতে নিহত কাপড় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের স্ত্রী।
তিনি বলেন, ছেলেটার বয়স সাত বছর। বাবা মারা যাওয়ার পর থেকে সব সময় মন খারাপ করে থাকে। ছোট বাচ্চা বুঝতে চায় না। কি করবো ছেলেটাকে নিয়ে। আসলে ছেলেটার ভবিষ্যত নিয়ে আমি অনেক বেশি চিন্তিত। তার বাবা ব্যবসা করে যা আয় করেছে সবই সংসারের পেছনে খরচ করেছে। কিছুই রেখে যেতে পারেনি।
সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ১৯ জুলাই সন্ধ্যায় পুলিশের গুলিতে নিহত হয় আব্দুল ওয়াদুদ। সেদিন বিকেলে নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়েছিল। অনেক সময় চলে যাচ্ছে। আবার বাইরের পরিস্থিতিও ভালো যাচ্ছিল না। অনেক বেশি চিন্তা হচ্ছিল আমার। এর মধ্যে সে ফোন করে আমাকে বলে আমি মাগরিবের নামাজ পড়ে একবারে বাসায় আসবো। এই বলে সে ফোন কেটে দেয়।
তিনি বলেন, এর দুই থেকে তিন মিনিট পরে তার ফোন থেকে আবার ফোন আসে। ফোন রিসিভ করে অন্য ব্যক্তির কন্ঠ শুনতে পাই। তখন আমাকে সে বলে এই ফোন যার সে আপনার কে হয়? আমি কি হয়েছে জানতে চাইলে, সে বলে তার মাথায় গুলি লেগেছে। তারপর সে কি বলছে আমি আর শুনতে পাইনি। পরে আমার ভাইকে জানাই। ভাই সেখানে গিয়ে আমার স্বামীকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।