বাংলাদেশ বিনিয়োগের আঞ্চলিক কেন্দ্র হতে যাচ্ছে
সরকারের বাস্তবসম্মত নীতির কারণে বাংলাদেশ বিনিয়োগ, শিল্পায়ন ও রপ্তানি বাণিজ্যের একটি আঞ্চলিক কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে মন্তব্য করে আরো বড় আকারে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাসস জানায়, গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) টোকিওর ওয়েস্টিন হোটেলের গ্যালাক্সি বল রুমে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন করে এ আহ্বান জানান বাংলাদেশের সরকারপ্রধান।
শেখ হাসিনা বলেন, আমাদের বাস্তবসম্মত নীতি এবং দর্শনের কারণে বাংলাদেশ নিশ্চিতভাবেই বিনিয়োগ, শিল্পায়ন এবং এ অঞ্চলে এবং এর বাইরে বিভিন্ন গন্তব্যে রপ্তানি বাণিজ্যের একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে ‘বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ’ শিরোনামে এই সম্মেলনের আয়োজন করে।
এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জেসিসিআই এবং এফবিসিসিআই-এর সদস্য বিভিন্ন বাংলাদেশি ও জাপানি কোম্পানির মধ্যে ১১টি সমঝোতা স্মারক স্বাক্ষর ও (এমওইউ) বিনিময় হয়।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগে মুনাফার হার বরাবরেই পেশি। পাশাপাশি ব্যবসাবান্ধব নীতি ও প্রণোদনা, স্থিতিশীল গণতন্ত্র, বিচক্ষণ শাসন ও নেতৃত্ব বাংলাদেশে বিদেশি বিনিয়োগে ভালো মুনাফার নিশ্চয়তা দিচ্ছে।
“আমরা আত্মবিশ্বাসের সঙ্গে আপনাদের আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য চমৎকার ভবিষ্যতের নিশ্চয়তা দিতে পরে। তাই আমরা বিশ্বের বিনিয়োগকারী, বিশেষ করে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগগুলো দেখার আমন্ত্রণ জানাই।”
তিনি বলেন, “আমরা জাপানের কাছ থেকে আরও বিনিয়োগ চাই। আমি আপনাদের সবাইকে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনাগুলো খতিয়ে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।”
প্রধানমন্ত্রী বলেন, কোটি মানুষের বাংলাদেশ নিজেই একটি বর্ধিষ্ণু বাজার। প্রায় তিন বিলিয়ন ভোক্তার একটি বড় বাজারের কেন্দ্রস্থলে বাংলাদেশের অবস্থান। ফলে ব্যবসা সম্প্রসারণের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় স্থান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।