বন্যা পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে
বর্ষার শুরুতেই কিছুটা বৃষ্টিপাত ও ভারতীয় ঢলের ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলের কমপক্ষে ২০ টি জেলা বন্যা কবলিত হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, চলমান বন্যা পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে এবং বন্যাকবলিত জেলার সংখ্যাও বাড়তে পারে। এরই মধ্যে আবার অনেকে আগামী মাসে নতুন করে বড় বন্যার আশঙ্কার কথা বলছেন। এমন কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েকদিন আগে মন্ত্রী সভার বৈঠকে আগামী আগস্টের সম্ভাব্য বন্যা মোকাবেলার প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও বলা হয়েছে, আগামী আগস্ট মাসে দেশে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে এবং আরেকটি মৌসুমি বন্যার সৃষ্টি হতে পারে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ইতোমধ্যে বন্যা চলমান। বর্ষা মাত্র শুরু হয়েছে। এ অবস্থায় চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাই বিশেষজ্ঞদের ধারণা চলতি মাসেই দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে এবং আগস্টে তা ভয়াবহ রূপ লাভ করবে।
আর এ বন্যায় রাজধানী ঢাকাসহ মধ্যাঞ্চলের কয়েকটি জেলা প্লাবিত হবে। রাজধানী ঢাকার চারপাশের নদীগুলো এখন পানিতে ভরপুর। পদ্মা-গঙ্গা এবং ব্রহ্মপু- যমুনাসহ অন্যান্য নদ-নদীর পানি মধ্যাঞ্চল হয়ে সাগর পানে ধাবিত হবে। এতে ঢাকা ও এর আশপাশের নদ-নদীর পানি আরও বৃদ্ধি পাবে।
সম্প্রতি মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী ঢাকা। এর জন্য ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশাকে দায়ী করলেও মূলত চারপাশের নদীগুলো পানিতে পরিপূর্ণ থাকায় রাজধানীর পানি নামতে পারছে না। তাই সামান্য বৃষ্টিতেই ঢাকা তলিয়ে যায়। বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা এসব নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে আগস্টে ঢাকার বন্যা পরিস্থিতি মারাত্মক পরিস্থি ধারণ করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
পরিবেশবিদ ও পানিবায়ু বিশেষজ্ঞ চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসাইন খান বলেন, ঢাকার চারপাশের নদীগুলোর এখন বেহাল দশা। ডোবা-নালা, খাল সবই প্রায় ভরাট হয়ে গেছে। পানি ধারণ করার জায়গা নেই। তাই এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেই তলিয়ে যাবে ঢাকা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।