ফেনীতে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন
ফেনীতে তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। জেলার ছোট ফেনী, সিলোনিয়া ও কালীদাস পাহালিয়া নদীর অন্তত ৪০ টি স্থানের অব্যাহত ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে বসতি, কৃষি জমি ও সড়ক।
ভাঙন কবলিতরা নানা উদ্বেগ-উৎকণ্ঠায় থাকলেও পানি উন্নয়ন বোর্ডের দাবি, মুছাপুরে রেগুলেটর পুনঃনির্মাণ না করা পর্যন্ত ভাঙন রোধে রয়েছে অনিশ্চয়তা।
ফেনীতে নদীপাড়ের অনিশ্চয়তার জীবন হাজারো মানুষের। জেলার ছোট ফেনী, কালিদাস পাহালিয়া ও সিলোনীয়া নদী তীরে শুরু হয়েছে তীব্র ভাঙন। ইতোমধ্যে বিলীন হয়েছে শতাধিক বসতি, রাস্তা-ঘাট ও ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে বাজার, মসজিদসহ এলাকার প্রধান সড়ক।
বন্যার ক্ষত পূরণের আগেই মুছাপুর রেগুলেটর ভেঙে পড়ায় পানির চাপে বিলীন হচ্ছে নদী তীরবর্তী জনপদ। যার জন্য প্রভাবশালীদের অনিয়ন্ত্রিত বালু উত্তোলনকে দুষছেন স্থানীয়রা। আগামী বর্ষার আগে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নিলে হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা স্থানীয়দের।
এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায় প্রাথমিকভাবে নদী ভাঙন ঠেকাতে ৩০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে, নতুন করে মুছাপুর রেগুলেটর ও ক্লোজার নির্মাণ না হলে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধ করা যাবে না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার বলেন বরাদ্দ এলে কাজ শুরু হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।