পাবনায় নিরাপদ সবজি চাষে সফলতার হাতছানি
সবজি চাষে রাসায়নিকের পরিবর্তে জৈব প্রযুক্তির ব্যবহারে সফল হয়েছেন পাবনার কৃষকরা। এতে বিষমুক্ত সবজি উৎপাদনের পাশাপাশি কমেছে উৎপাদন খরচ। জৈব প্রযুক্তি সম্প্রসারণে সরকারি-বেসরকারি উদ্যোগের সফলতায় আগামীতে জেলায় সবজি চাষ শতভাগ রাসায়নিকমুক্ত করার প্রত্যাশা কৃষি বিভাগের।
সদর ও আটঘরিয়া উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায় উল্লেখযোগ্য হারে শীতকালীন সবজি আবাদ হয়। শিম উৎপাদনে সুখ্যাতি ও প্রাচুর্যের কারণে ঈশ্বরদী উপজেলার মুলাডুলী গ্রামের পরিচিতি ‘শিম সাগর’ নামে। সদর উপজেলার দাপুনিয়া ও আটঘরিয়া উপজেলার কয়েকটি গ্রামসহ বিভিন্ন উপজেলায়ই কম-বেশি আবাদ হয় শিম ও অন্য সবজি।
আটঘরিয়া উপজেলার সবজি চাষি নুরুল জানান, আধুনিক কৃষি পদ্ধতিতে ফলন বাড়ানোর জন্য জমি এখন একটু সময়ও ফেলে রাখা হয় না। একটি সবজি উঠতে না উঠতে আরেকটির জন্য প্রস্তুতি নেওয়া হয়। খুবই অল্প সময়ে নতুন আরেকটি আবাদ শুরু হয়। জমির জো (প্রস্তুতি) আনতে ও দ্রুত আবাদে যেতে অনেক সময় বিভিন্ন ধরনের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। ফলন বাড়াতেও এসব ব্যবহার হয়। তাদের জন্মানো সবজি খেয়ে নিজেদেরই রোগবালাই বেড়ে গেছে। বিভিন্ন প্রশিক্ষণে জানতে পারেন, এর কারণ অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। এ জন্য তারা এখন জৈব সার বেশি ব্যবহার করছেন।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জামাল উদ্দিন বলেন, আগে আমাদের লক্ষ্য ছিল খাদ্য নিশ্চিত করা। এখন আমাদের লক্ষ্য নিরাপদ খাদ্য। সেখান থেকেই নিরাপদ পুষ্টিগ্রাম সামাজিক আন্দোলনের মাধ্যমে জেলায় সবজি উৎপাদনে রাসায়নিক ব্যবহার পুরোপুরি বন্ধে কাজ করে যাচ্ছি। ধীরে ধীরে কৃষকেরা জৈব সার ব্যবহারে ব্যাপক আগ্রহ পাচ্ছেন। প্রতিনিয়ত কৃষকদের সাথে এ নিয়ে আলাপ করছি, প্রশিক্ষণের মধ্য দিয়ে নিরাপদ সবজি ও রবিশস্য আবাদে তাদের উদ্বুদ্ধ করছি। খুব শিগগির জেলার শতভাগ কৃষক নিরাপদ সবজি আবাদের আওতায় আসবেন বলে আশা করছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।