পাঁচ মাসে গ্রেপ্তার ১৫ হাজার, বেশিরভাগ রাজনীতিক
জুলাই-আগস্টের গণহত্যা, হত্যা ও অতীতের গুম-খুন, অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন মামলায় গত পাঁচ মাসে সারা দেশে প্রায় ১৫ হাজার জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে সবচেয়ে বেশি রাজনীতিক। এরপরই আছেন পুলিশের কর্মকর্তা। রয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী আমলা, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তি ও সাংবাদিক।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আন্দোলনকারী ছাত্র-জনতাকে হত্যা এবং তাদের ওপর হামলার ঘটনায় গত ৫ আগস্টের পর থেকে গতকাল সোমবার পর্যন্ত সারা দেশে প্রায় ২ হাজার ৩৮৫টি মামলা হয়েছে। এর পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির অভিযোগেও অনেক মামলা হয়েছে। হত্যা, হামলাসহ বিভিন্ন মামলায় গতকাল পর্যন্ত প্রায় ১৫ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে শুধু অক্টোবরেই গ্রেপ্তার করা হয়েছে ৬ হাজার জনকে। গত পাঁচ মাসে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। তাঁরা কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মী।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টাসহ সাবেক ৩৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী, সাবেক ৩৮ সংসদ সদস্য, সাবেক ১১ সচিব, সাবেক দুই আইজিপিসহ ২৮ পুলিশ কর্মকর্তা, সাবেক বিচারক, সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার সদস্য মিলিয়ে ৮ জন, ৫ জন সাংবাদিক এবং ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, আওয়ামী লীগ-ছাত্রলীগসহ বিভিন্ন দলের নেতা-কর্মী রয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, যৌথ বাহিনী, পুলিশ, র্যাবের অভিযানে হত্যাসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামি যে-ই হোন না কেন, তাদের গ্রেপ্তার করা হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।