পদ্মায় এত পাঙাশ কখনো দেখেননি শরীয়তপুরের জেলেরা
শরীয়তপুর সংবাদদাতা:
এক সপ্তাহ ধরে শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে প্রচুর পরিমাণ পাঙাশ মাছ ধরা পড়ছে। একসঙ্গে এত পাঙাশ এখানে কখনো ধরা পড়েনি বলে দাবি জেলে ও মাছ ব্যবসায়ীদের। গত এক সপ্তাহে দুই শতাধিক জেলেনৌকা গড়ে পাঁচ থেকে আট লাখ টাকার পাঙাশ মাছ বিক্রি করেছে।
পদ্মা নদীর শরীয়তপুরের নড়িয়ার চরআত্রা, নওপাড়া ও ঘরিসার এবং ভেদরগঞ্জের কাচিকাটা, তারাবুনিয়া ও চরভাগা এলাকায় পদ্মা নদীতে জেলেরা পাঙাশ শিকার করছেন। সারা রাত মাছ ধরে সকালে তা বিক্রি করছেন নড়িয়ার সুরেশ্বর মাছের পাইকারি বাজারে।
গত রোববার সকালে সুরেশ্বর মাছবাজারে গিয়ে দেখা যায়, অন্তত ১৫০টি জেলেনৌকা পাঙাশ মাছ নিয়ে বাজারে এসেছে। এসব মাছের প্রতিটির ওজন ৫ থেকে ১২ কেজির মতো। এই বাজারের ব্যবসায়ীরা ওই মাছ ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও মাদারীপুরের বিভিন্ন পাইকারের কাছে বিক্রি করছেন। প্রতি কেজি মাছ বিক্রি করা হচ্ছে ৬৫০ থেকে ৮০০ টাকা দামে। বাজারের ৩০টি পাইকারি দোকানে এসব মাছ বিক্রি করা হচ্ছে।
ভেদরগঞ্জের কাচিকাটা ইউনিয়নের বোরোকাঠি এলাকার জেলে মোবারক হোসেন ২৫ বছর ধরে পদ্মা নদীতে মাছ ধরছেন। তিনি বলেন, কখনো বছরজুড়ে মাছ শিকার করে ৫০ হাজার টাকা সঞ্চয় করতে পারেননি। অথচ গত এক সপ্তাহে তিনি পাঙাশ মাছ বিক্রি করে ৪ লাখ টাকা সঞ্চয় করেছেন। তার কথা, ‘২৫ বছর ধরে পদ্মায় মাছ ধরি। কখনো এত পাঙাশ মাছ একসঙ্গে দেখিনি।’
সুরেশ্বর বাজারের মাছ ব্যবসায়ী মোকলেছ মোল্লা বলেন, পদ্মা নদীর তীরে এ অঞ্চলের সবচেয়ে বড় মাছের বাজার সুরেশ্বর মাছবাজার। এ বাজারে অন্তত ৪০ বছর ধরে মাছের ব্যবসা করছেন তিনি। এখানে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০টি পাঙাশ পাওয়া যায়। কিন্তু এক সপ্তাহ ধরে প্রতিদিন ১ হাজার ৫০০ থেকে ২ হাজার পাঙাশ মাছ নিয়ে আসছেন জেলেরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।