পণ্যবাহী ট্রাক থেকে দিনে ৫ লাখ টাকা চাঁদাবাজি করছে বিএনপি নেতারা
দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার চাক্তাই-খাতুনগঞ্জে আবারও শুরু হয়েছে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায়। আগে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের নাম ভাঙিয়ে পণ্য নিয়ে আসা ট্রাকগুলো থেকে চাঁদা আদায় করা হতো। বর্তমানে বিএনপি নেতাদের নামে প্রতি ট্রাক থেকে ৪০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত চাঁদা তোলা হচ্ছে। এতে প্রতিদিন অন্তত পাঁচ লাখ টাকা চাঁদা আদায় হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
এরই মধ্যে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজি বন্ধে সরব হয়েছেন খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতারা। সাত দিনের মধ্যে চাঁদাবাজদের আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। চাঁদাবাজি বন্ধসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে গত বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত চাক্তাই-খাতুনগঞ্জে এক ঘণ্টা দোকান বন্ধ রেখে মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২১ সালে খাতুনগঞ্জে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ে জড়িতদের একটি নামের তালিকা দেওয়া হয়েছিল সিএমপি কমিশনারের কাছে। ওই তালিকায় ছিল খোরশেদ আলম, নিজাম কাজল, মহিউদ্দিন জনি, মিনহাজ উদ্দিন রনি, নজরুল ইসলাম, বেলাল হোসেন বেলাল, জেবল হোসেন, কামাল উদ্দিন, আবুল কালাম আজাদ মুন্সি, আরিফ মিয়া, নুরুল হক ও মিলন নামে ব্যক্তিদের নাম। এখন তারা ও তাদের সহযোগীরাই বিএনপির নামে চাঁদাবাজি করছেন।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক ও চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু চিহ্নিত চাঁদাবাজ এখন আবারও ট্রাক থেকে চাঁদা আদায় করছে। আমরা এর প্রতিবাদ করছি। আমরা প্রথম থেকে বলে আসছি, চাঁদাবাজ যে রাজনৈতিক দলের হোক, তাদের প্রতিহত করা হবে। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীর স্থান এখানে হবে না। চাঁদাবাজির সঙ্গে জড়িতদের গ্রেফতারে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে যদি তাদের গ্রেফতার করা না হয়, তাহলে আমরা ব্যবসায়ীরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।