নেই বাংলাদেশি পর্যটক, কলকাতা-দার্জিলিংয়ে ব্যবসায়ীদের মাথায় হাত
সেপ্টেম্বর থেকেই বাংলাদেশি নেই কলকাতায়। এতে বড় সমস্যায় পড়েছে এখানকার হোটেল ব্যবসায়ীরা। বিশাল আয়োজনে কর্মচারী নিয়ে হোটেল খুলে রাখলেও ভারতীয় ভিসার জটিলতায় দেখা নেই বাংলাদেশি অতিথিদের।
এ বিষয়ে মারক্যুইস স্ট্রিটের এমারেল্ড হোটেলের মালিক মনোতোষ বলেছে, একটি হোটেলের বিদ্যুৎ খরচ, কর্মচারীদের বেতন, রক্ষণাবেক্ষণ খরচ সবমিলিয়ে কমপক্ষে প্রতিমাসে আড়াই থেকে তিন লাখ রুপি খরচ। এখন সেই টাকাই পকেট থেকে দিতে হচ্ছে।
বাঙালিদের ভাতের হোটেল ‘রাঁধুনি’র ম্যানেজার বলেছে, এ অঞ্চলে ভাতের হোটেলগুলো চলেই বাংলাদেশিদের জন্য। তারাই তো নেই। কতদিন রাঁধুনি, কর্মচারীদের পকেটে বেতন দেওয়া যাবে, তা নিয়ে আমি চিন্তিত।
কলকাতার নিউমার্কেটে রয়েছে কমবেশি দুই হাজার হোটেল। আছে দুইশর মতো মানি এক্সচেঞ্জ। সব মিলিয়ে কয়েক হাজার লোক মারক্যুইস স্ট্রিট অঞ্চলে এসব পেশায় জড়িত। যাদের মূল অর্থনীতি নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। অথচ এ বিশাল অঞ্চলে বর্তমানে রয়েছে মাত্র এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ বাংলাদেশি।
রাজনৈতিক অস্থিরতার পর বর্তমানে বাংলাদেশের অবস্থা অনেকটা স্থিতিশীল হলেও ভারতীয় হাইকমিশন বাংলাদেশে ভিসা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ চালু করেনি। জরুরি অবস্থাতেই কেবল ভারতে আসার অনুমতি পাচ্ছে বাংলাদেশিরা।
উত্তরবঙ্গের ট্যুরিজম ব্যবসায়ী অমিত চক্রবর্তী বলেছে, দুই মাসের বেশি হয়ে গেল। বাংলাদেশের ট্যুরিস্ট প্রায় নেই বললেই চলে। আগের বছরও আমাদের এজেন্সিতে ভিড় উপচে পড়ে। জায়গা দিতে পারিনি। কিন্তু এখন আর বাংলাদেশিদের বুকিং আসছে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।