দেনমোহরে রাজি না হওয়ায় বাবাকে হত্যার অভিযোগ, ছেলে গ্রেফতার
ছেলের পছন্দের মেয়ের সঙ্গে বিয়েতে দাবিকৃত দেনমোহরে রাজি না হওয়ায় কুড়াল দিয়ে আঘাত করে বাবার প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে নোমান হোসেন নামের এক ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় নিহত মামুন মিয়ার আরেক ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে ছেলে নোমানকে র্যাব-৯-এর (সিপিসি-২) একটি দল কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন দেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, মৌলভীবাজার জেলার বড়লেখা থানার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে নোমানের সঙ্গে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিল। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় নোমানের বাবা মামুন মিয়া এতে রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে মামুন মিয়ার সঙ্গে তার ছেলে নোমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করে নোমান। এতে মামুন মিয়া গুরুতর আহত হন। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।
এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল। তিনি জানান, হত্যাকা-ের পর নোমান আত্মগোপনে চলে যায়। পরে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।