দুর্যোগ কাটিয়ে কুয়াকাটায় কৃষকদের ভরসা আমনেই
দেরিতে হলেও আমনের চারা রোপণ শেষ করে এনেছেন পটুয়াখালীর কৃষকরা। জেলার দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত এখন আমনের চারার সবুজ রঙে ঝলমল করছে। সার ও কীটনাশক বেশি দামে বিক্রি করা হলেও কৃষকরা আমন ধানের বাম্পার ফলনে আবাদের খরচ পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন।
উপজেলার টিয়াখালী ইউনিয়নের বিশকানি এলাকার কৃষক নসু সিকদার বলেন, এ বছর ঘূর্ণিঝড় রেমালের তা-ব শেষ হতে না হতেই একের পর এক নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিসহ অতিরিক্ত বৃষ্টিতে আমনের বীজতলা পচে গেছে। নতুন করে বীজতলা তৈরি করে আবার ধানের চারা করতে হয়েছে।
ধূলাসার ইউনিয়নের নতুনপাড়া এলাকার কৃষক ইদ্রিস গাজী (৫৫) বলেন, এ বছর একর প্রতি জমি চাষাবাদে খরচ পড়েছে প্রায় ১৫ হাজার টাকা। এখন জমির আগাছা নিধনসহ সার ও কীটনাশক স্প্রে করতে হবে।
ইদ্রিস গাজী আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার ও কীটনাশক বিক্রি করছেন ডিলাররা। চাপলি বাজারের খুচরা ডিলারের দোকান থেকে প্রতি বস্তা টিএসপি সার কিনতে হয়েছে ১৮০০ টাকা, ইউরিয়া ১৪০০ টাকা এবং ডিএপি সার ১২০০ টাকা। কীটনাশকের দামও বেশি নিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক সেবা দিচ্ছেন। আমি নিজেও প্রতিদিন একটি করে গ্রামে গিয়ে পরিদর্শনসহ কৃষকের সঙ্গে কথা বলছি। কৃষকরা যেকোনো সমস্যার কথা বললে দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছি।
সার-কীটনাশকের দাম নিয়ে আরাফাত হোসেন বলেন, সার ডিলারদের অফিস থেকে তদারকি করা হচ্ছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির সুযোগ নেই। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।