দারিদ্র্যের তথ্য সংগ্রহে অপচয় ৬৪২ কোটি টাকা
দরিদ্র জনগোষ্ঠীকে সরকারি সুযোগ-সুবিধা দিতে ২০১৩ সালে ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেইস (এনএইচডি) প্রকল্প হাতে নেয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। কিন্তু প্রকল্পটির ৯ বছর পেরিয়ে গেলেও দেশের দরিদ্র মানুষের তালিকা করতে পারেনি সংস্থাটি। তালিকা প্রণয়নে ব্যর্থ হলেও প্রকল্পে দারিদ্র্যের তথ্য সংগ্রহের নামে ৬৪২ কোটি টাকা খরচ করে বিবিএস। আবারও একই উদ্দেশ্যে তিন জেলার দারিদ্র্যের তথ্য তুলে আনতে আরেকটি নতুন প্রকল্পে ৪৯ কোটি টাকা চেয়েছে বিবিএস।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ১১ বছর আগে নেওয়া এই প্রকল্পে প্রথমবার ব্যয় ধরা হয়েছিল ৩২৮ কোটি ৭৭ লাখ টাকা। এরপর পাঁচ দফা প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। একই সঙ্গে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ৭২৭ কোটি ৩৫ লাখ টাকা করা হয়। এর মধ্যে খরচ করা হয় প্রকল্পের ৬৪২ কোটি ৬০ লাখ টাকা।
তবে দারিদ্র্যের তথ্য ছাড়াই প্রকল্পটি শেষ করা হয়।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মাঠ পর্যায়ে তথ্য হালনাগাদের পর ডাটাবেইসের ব্যবস্থাপনা সংক্রান্ত এমআইএস করতে জেরক্স ইন্ডিয়া কম্পানি নামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয় বিবিএস। প্রতিষ্ঠানটি ১৪টি জেলার তথ্য আংশিক সংশোধন এবং ৫০টি জেলার ডাটা অসমাপ্ত রেখেই ১১২ কোটি ৪৪ লাখ টাকা তুলে নিয়ে পালিয়ে যায়।
আগের প্রকল্পে ৬৪২ কোটি টাকা অপচয়ের পর প্রায় ৫০ কোটি টাকার দারিদ্র্য ডাটাবেইস প্রকল্পের প্রস্তাব করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সংস্থাটির পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগ (এসআইডি) জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল (এনএসএসএস) বাস্তবায়নে সহায়তা করতে মোট তিনটি জেলার তথ্য নেওয়া হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।