তৈরি পোশাকের মূল্য সংযোজনেও গরমিল
পণ্য রপ্তানির তথ্যে গরমিলের বিষয়টি সামনে আসার আগে বাংলাদেশ ব্যাংক বলেছিল, গত ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিক জানুয়ারি-মার্চে ১ হাজার ৩৮১ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। তার বিপরীতে কাঁচামাল আমদানি হয়েছিল ৩৮৪ কোটি ডলারের। তখন প্রকৃত পোশাক রপ্তানি হয়েছিল ৯৯৭ কোটি ডলার বা ৭২ দশমিক ২০ শতাংশ।
অবশ্য পণ্য রপ্তানির তথ্য সংশোধনের পর উঠে এসেছে, ওই প্রান্তিকে (তৃতীয়) তৈরি পোশাকের প্রকৃত রপ্তানি কমে ৫৭ শতাংশে দাঁড়িয়েছে। কাঁচামাল আমদানির তথ্য ঠিক থাকলেও পণ্য রপ্তানি কমে যাওয়ার কারণে পোশাক খাতে প্রকৃত রপ্তানি কমেছে ৪০৮ কোটি ডলার।
তৈরি পোশাক খাত নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ দুটি ত্রৈমাসিক প্রতিবেদন বিশ্লেষণে প্রকৃত পোশাক রপ্তানিতে গরমিলের তথ্য বেরিয়ে এসেছে। এতে দেখা যায়, রপ্তানির তথ্য সংশোধন করায় গত দুই অর্থবছরের (২০২২-২৩ ও ২০২৩-২৪) সাত প্রান্তিকে তৈরি পোশাক খাতের প্রকৃত রপ্তানি কমেছে।
রপ্তানি আয় বাড়িয়ে দেখানোর কারণে গত ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তৈরি পোশাক রপ্তানিতে মূল্য সংযোজন এক লাফে ৫১ শতাংশ থেকে বেড়ে ৬৭ শতাংশ ছাড়িয়ে যায়। তার পরের পাঁচ প্রান্তিকে মূল্য সংযোজন ৭০ থেকে ৭২ শতাংশের মধ্যে ঘুরপাক খায়। তখন পোশাকশিল্পের অনেক উদ্যোক্তা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কারণ, তার আগের ছয় প্রান্তিকে পোশাক রপ্তানিতে মূল্য সংযোজন বেশির ভাগ সময়ই ছিল ৫১ থেকে ৫৭ শতাংশ।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক গত জুলাইয়ে হঠাৎ প্রকৃত পণ্য রপ্তানির ভিত্তিতে লেনদেনে ভারসাম্যের তথ্য প্রকাশ করে। এর ফলে পণ্য রপ্তানির হিসাবে বড় গরমিলের তথ্য উঠে আসে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।