তেজগাঁওয়ে প্রাইভেট কার থামিয়ে এলোপাতাড়ি গুলি, পথচারী গুলিবিদ্ধ
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় প্রাইভেট কার থামিয়ে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছে। আহত হন আরও দুজন। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, রাতে মগবাজার এলাকার প্রেয়সী বার থেকে বের হয়ে মামুন, খোকন ও মিঠু প্রাইভেট কারে মামুনের তল্লাবাগের বাসায় যাচ্ছিলো। পথে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি পেট্রলপাম্প ও বিজি প্রেসের মাঝামাঝি প্রধান সড়কে পৌঁছালে চারটি মোটরসাইকেলে করে সাত-আটজন প্রাইভেট থামিয়ে এলোপাতাড়ি গুলি করে। মামুনসহ অন্যরা তাৎক্ষণিক প্রাইভেট কার থেকে নেমে পড়লে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা মামুনের পিঠে ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
ওসি আরও জানান, মামুন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে চলে গেছে। বর্তমানে কোথায় আছে, তিনি জানেন না। মামুনের বাবার নাম এস এম ইকবাল। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার শমসেরাবাদ। মামুন প্রায় ২৬ বছর জেল খেটে কয়েক মাস আগে জামিনে বেরিয়েছে। তার দুই সহযোগীকে নিয়ে প্রাইভেট কারে যাওয়ার সময় অন্য সন্ত্রাসী গ্রুপ তাদের ওপর হামলা করে থাকতে পারে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।