ঢাকার খাল-নদী দূষণ করছে ঢামেকসহ ২২০ হাসপাতাল
পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদন বলছে, ঢামেকের তরল বর্জ্যে দূষিত হচ্ছে বুড়িগঙ্গা। শুধু ঢামেক নয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ (বিএসএমএমইউ) ২২০টি সরকারি-বেসরকারি হাসপাতালের তরল বর্জ্য যাচ্ছে রাজধানীর খাল ও নদ-নদীগুলোকে।
জাতীয় নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরের কাছে ঢাকা জেলার নদ-নদী, খাল-বিল দূষণকারীদের তালিকা চাওয়া হয় ২০২১ সালের নভেম্বরে। এক মাস পর পরিবেশ অধিদপ্তর ঢাকার খাল ও নদ-নদী দূষণকারীদের তালিকা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। এতে প্রাথমিকভাবে দূষণের ২৮০টি উৎস চিহ্নিত করা হয়। সেখানে দেখা যায়, শিল্পবর্জ্যের পাশাপাশি রাজধানীর হাসপাতালের তরল বর্জ্যও দূষণের একটি বড় উৎস। প্রতিবেদনে উল্লিখিত ২৮০টি উৎসের মধ্যে ২২০টিই ছিল হাসপাতাল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, ‘আমাদের হাসপাতালের বর্জ্য চিকিৎসা বর্জ্যের শর্তগুলো মেনে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা হয়। আমরা কোনোভাবেই নদী বা খালে বর্জ্য ফেলি না। আর ইটিপির প্রয়োজন শিল্প-কারখানায়। হাসপাতালে প্রয়োজন হয় বলে আমার জানা নেই। ’
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর সরকারি হাসপাতালগুলোয় ইটিপি নেই বললেই চলে। পরিবেশ অধিদপ্তরের একটি সূত্র বণিক বার্তাকে জানিয়েছে, সরকারি হাসপাতালে ইটিপি বা ছাড়পত্র নেয়ার বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে কড়াকড়ি করা হয় না। মূলত হাসপাতাল বিবেচনায় এ বিশেষ ছাড় দেয়া হয়। যদিও সংস্থাটির মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের পরিচালক মোহাম্মাদ মাসুদ হাসান পাটোয়ারীর দাবি, হাসপাতালে ইটিপি স্থাপনের বিষয়টি গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। অভিযান চালিয়ে কয়েকটি হাসপাতালকে জরিমানা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের উদ্যোগের পর এখন অনেক হাসপাতালই ইটিপি স্থাপন করছে। ’
পরিবেশ, বন ও জলবায়ু পরির্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আমরা হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার নীতিমালা নিয়ে আরো ডিটেইল কাজ করছি। নীতিমালা করে দেব। এগুলো বাস্তবায়ন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশন। ’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।