ডিজেল-পেট্রল অবাধে পাচার হচ্ছে ভারতে
নিজস্ব প্রতিবেদক:
দামের পার্থক্যের কারণে বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছে জ্বালানি তেল। সীমান্তেও গড়ে উঠেছে বেশ কয়েকটি পাচার চক্র। ফলে বাংলাদেশ থেকে লাখ লাখ লিটার ডিজেল চোরাই পথে ভারতে ঢুকছে।
তেল পাচারের অভিযোগ স্বীকার করেছেন সীমান্তবর্তী ভারতীয় ট্রাকচালক ও সীমান্ত অঞ্চলের বাসিন্দারাও। তারা জানিয়েছেন, বাংলাদেশে তেলের মূল্য কম। এর ফলে পার্শ্ববর্তী দেশগুলো থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলোর তেলের ট্যাংকি বাংলাদেশে ঢুকেই ভর্তি করা হয়।
বিভিন্ন বন্দরের প্রতিনিধিরা জানিয়েছেন, প্রতিদিন দেশের বিভিন্ন বন্দর দিয়ে প্রায় এক হাজার ট্রাক আমদানি পণ্য নিয়ে বাংলাদেশে ঢুকে। তারা ফেরার সময় বন্দর কর্তৃপক্ষ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন বন্দর থেকে ট্যাংক পূর্ণ করে ডিজেল নিয়ে যায়। অনেকে আবার আলাদা ট্যাংকে করেও তেল নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
বন্দর এলাকার বিভিন্ন তেল পাম্প থেকে তেল এনে প্রতিবেশী দেশের ট্রাকচালকদের কাছে গোপনে বিক্রি করে স্থানীয় তেল ব্যবসায়ীরা। এসব ট্রাকচালকদের মাধ্যমে বাংলাদেশ থেকে পাশের দেশে বিপুল পরিমাণ ডিজেল পাচার হচ্ছে।
এছাড়া দেশের সীমান্ত দিয়েও ডিজেল পাচারের অভিযোগ রয়েছে। তবে বেনাপোলসহ বিভিন্ন বন্দরে এখন বিজিবির বাড়তি তৎপরতায় ডিজেল পাচারের প্রবণতা আগের তুলনায় কমেছে বলেও জানা যায়।
স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বাংলাদেশে বর্তমানে ২৪টি স্থলবন্দরের মধ্যে ১৫টি স্থলবন্দর (বেনাপোল, ভোমরা, বুড়িমারী, তামাবিল, সোনাহাট, আখাউড়া, নাকুগাঁও, বিলোনিয়া, গোবড়াকুড়া-কড়ইতলী, শেওলা, সোনামসজিদ, হিলি, বাংলাবান্ধা, বিবিরবাজার ও টেকনাফ) চালু রয়েছে। ২০২২-২৩ অর্থবছরে এক কোটি ৮৭ লাখ ১২ হাজার ৪২ মেট্রিক টন মালামাল আমদানি-রপ্তানি করা হয়েছে। এ পরিমাণ পণ্য আমদানি ও রপ্তানি করতে ১৪ লাখ ৪০ হাজার ৫৫টি ট্রাক যাতায়াত করেছে। যেসব গাড়ি সীমান্তে মালামাল আনা-নেওয়া করে সেগুলো ২৫০ থেকে ৩০০ লিটার পর্যন্ত জ্বালানি ধারণ করতে পারে। কোনো কোনো ট্রাকে আবার ৪০০ থেকে ৫০০ লিটার তেল নেওয়ার মতো ট্যাংকিও আছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।