জয়পুরহাটে মাচায় দুলছে বাহারি রংয়ের তরমুজ
মাচায় দুলছে বাহারি রংয়ের তরমুজ। সেই সঙ্গে দোল খাচ্ছে তরমুজ চাষির স্বপ্ন। জয়পুরহাটের সদর ও আক্কেলপুর উপজেলায় দিন দিন বাড়ছে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ। অসময়ে চাষ করা ইয়োলো বার্ড, ব্লাক বেবি, অনুভব, মধুমালা, সূর্য ডিম নামের হাইব্রীড জাতের এসব তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা । জয়পুরহাট সদর উপজেলার উপচক গ্রামে এবং আক্কেলপুর উপজেলার জালালপুর গ্রামে এ তরমুজ চাষে বেশ সাড়া পরেছে।
তরমুজ চাষিরা জানিয়েছে বছরে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত তিনবার চাষ করা যায় অসময়ের এ তরমুজ। প্রথম বার চাষে খরচ একটু বেশি হলেও পরের দুইবার কম খরচে চাষ করা যায়। তিন বারে পাঁচ লাখ টাকার মতো তরমুজ বিক্রি করার কথা জানান চাষিরা ।
সদর উপজেলার উপচক গ্রামে গিয়ে দেখা যায়, মাচায় দুলছে শত শত বাহারি রংয়ের তরমুজ। কোনোটি উপরে সবুজ তো ভিতর লাল- হলুদ, আবার কোনোটি উপরে হলুদ আবার ভিতরে লাল। এক একটি তরমুজের গড় ওজন প্রায় আড়াই থেকে ৪ কেজি পর্যন্ত।
আক্কেলপুর উপজেলার জালালপুর গ্রামের কৃষক তৌহিদুল ইসলাম বলেন, এ তরমুজ আগে কখনো চাষ করিনি, তবে এ বছর প্রথমবার ১৫ শতাংশ জমিতে চাষ করেছি। যে ফল ধরেছে তাতে ভালো লাভ হবে এমন আশা প্রকাশসহ পরবর্তীতে আরো বেশি জমিতে চাষ করবেন বলেও জানান তিনি ।
এ দুই উপজেলায় এ বছর প্রায় ১৫ হেক্টর জমিতে অসময়ের এ গ্রীষ্মকালীন তরমুজের চাষাবাদ হচ্ছে বলে জানা গেছে ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।