জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট চায় না বিএনপি
অন্তর্র্বতী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। দলটি মনে করে, জনআকাঙ্খাকে প্রাধান্য দিয়ে সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়া। এ ধরনের সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হওয়ার নজির নেই। কোনো চাপে নতি স্বীকার না করে এবং কোনো পক্ষের স্বার্থকে প্রাধান্য না দিয়ে সরকারের উচিত নির্বাচনমুখী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়া।
গত বুধবার ও বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপি এবং ১০টি অন্যান্য দলের মধ্যে লিয়াজোঁ কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া নেতারা বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আসলে ‘মূল বিষয় থেকে দৃষ্টি সরানোর চেষ্টা’।
সাম্প্রতিক বছরগুলোতে বিএনপি ও এই দলগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে যুগপৎ আন্দোলনে ছিল। সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে বিএনপি আজ ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবে।
বৃহস্পতিবারের বৈঠকে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ জাতীয় নির্বাচন থেকে দৃষ্টি সরানোর চেষ্টার জন্য সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগে কোনো আলোচনা হয়নি। এখন, তারা (অন্তর্র্বতী সরকার) হঠাৎ করেই আবার এই বিষয়টি তুলছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে।
বুধবার প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, অন্তর্র্বতী সরকার একইসঙ্গে জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
গত বৃহস্পতিবার উপদেষ্টা মাহফুজ আলমের এক প্রেস ব্রিফিংয়ের নির্বাচনের প্রসঙ্গ আসে। জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে; তারা কতটা সংস্কার চায়। সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপর আলোচনার সময় এটি নিয়েও আলোচনা হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কেও সিদ্ধান্ত নেওয়া হবে।
এই বছরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করে বিএনপি ও এর সমমনা দলগুলো। এ ব্যাপারে তারা একমত হয়েছে। তাদের মতে অপ্রয়োজনীয় বিলম্ব বা স্থানীয় সরকার নির্বাচনের মতো বিষয় জাতীয় নির্বাচনকে দূরে সরিয়ে দেবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।