চাঁদাবাজি নয়, পণ্যের দাম বাড়ার জন্য সিন্ডিকেট দায়ী
উৎপাদন খরচের চেয়ে পাইকারি ও খুচরা বাজারে দ্রব্যমূল্যে বিস্তর ফারাকের জন্য পরিবহন সেক্টরে চাঁদাবাজিকে দায়ী করা হলেও মূলত এর পেছনে সিন্ডিকেট দায়ী রয়েছে। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন সড়কপথে কোথাও চাঁদাবাজি করছে না, তারপরও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নেই কেন- এমন তদন্তে উঠে এসেছে সিন্ডিকেটের তৎপরতার চিত্র।
গত মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীর সেতু ভবনের পাশে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতা এবং কর্মকর্তারা এ তথ্য তুলে ধরেন। সভায় উপস্থিত হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুর রহমান, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন বাহিনীর প্রতিনিধি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা অংশ নেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বখস দুদু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান সভা শেষে জানান, গত ৫ আগস্টের পর কোনো পরিবহনে চাঁদা আদায় করা হয় না। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য পরিবহনের চাঁদাবাজির কথা বলা হয় আসল ঘটনা ধামাচাপা দিতে। মূলত সিন্ডিকেটের কারসাজির কারণে নিত্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বৈঠকে তারা জানান, ট্রিপ কম থাকায় ট্রাকভাড়া কমে এসেছে। সড়কে পুলিশের চাঁদাবাজি নেই। তবে ফেরিতে ইজারার নামে পণ্যবাহী ট্রাক থেকে টাকা নেয়ার প্রভাব পড়ছে বাজারে। বিআইডব্লিওটিএ এবং বিআইডব্লিউটিসির এখানে দায়িত্ব রয়েছে। যার সঙ্গে পরিবহন শ্রমিক বা সংগঠন কোনোভাবে জড়িত নয়। সভায় বক্তারা দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য বন্যার অজুহাতও সঠিক নয় মন্তব্য করে বলেন, বাজারে কোনো জিনিসের সংকট না থাকলেও কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।