চতুর্মুখী সংকটে পড়েছে দেশের শিল্প খাত
পুঁজির ঘাটতি, ডলারের উচ্চমূল্য, গ্যাস ও বিদ্যুৎসংকটে ভুগছে দেশের বড় শিল্পকারখানাগুলো। ফলে রড, সিমেন্ট, সিরামিক ও বস্ত্র খাতের মতো বৃহৎ শিল্পগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। সরকারি-বেসরকারি বড় প্রকল্পের কাজ বন্ধ থাকায় নির্মাণশিল্পের তৈরি উপকরণ সিমেন্ট ও রডের চাহিদা ভোক্তাপর্যায়ে ব্যাপকভাবে কমে গেছে। ফলে এখন চতুর্মুখী সংকটে পড়েছে দেশের শিল্প খাত।
সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ৩ হাজারের বেশি বৃহৎ শিল্প রয়েছে দেশে। মোট কর্মসংস্থানের ৬৮ শতাংশই উৎপাদনমুখী শিল্পের সঙ্গে জড়িত। এছাড়া কাঁচামালের ৬৩ শতাংশ ও বিদ্যুৎ-জ্বালানির ৫৬ শতাংশই ব্যবহার করে রড-সিমেন্ট, বস্ত্র খাতের মতো বৃহৎ শিল্পগুলো। ফলে ডলারের উচ্চমূল্য এবং গ্যাস ও বিদ্যুৎসংকট এসব শিল্পের উৎপাদনে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে। এর ওপর বাজারে চাহিদা না থাকায় মিল মালিকরা বিপাকে পড়েছেন। অনেকেই পুঁজি হারানোর শঙ্কায় আছেন।
সিমেন্ট তৈরিকারী প্রতিষ্ঠান ‘ডায়মন্ড সিমেন্ট’-এর জেনারেল ম্যানেজার আবদুর রহিম বলেন, সরকারি-বেসরকারি বড় নির্মাণকাজ বন্ধ থাকায় সিমেন্টের চাহিদা বর্তমানে অনেক কম। ফলে কারখানার উৎপাদনও কমেছে। সাধারণত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সিমেন্টের চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু এবার প্রত্যাশিত বিক্রি হচ্ছে না।
এইচএম স্টিল ও গোল্ডেন ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার আলম বলেন, ভরা মৌসুমেও বিক্রিতে প্রত্যাশিত সাড়া পাচ্ছে না রড-সিমেন্টসহ নির্মাণসামগ্রী তৈরিকারী প্রতিষ্ঠানগুলো। এ সময়ে বেচাবিক্রি থাকে বছরের অন্যান্য সময়ের চেয়ে বেশি। সরকারি-বেসরকারি বড় এবং মাঝারি নির্মাণ প্রকল্প বন্ধ থাকায় নতুন করে প্রকল্প শুরু না করার প্রভাব পড়েছে এ খাতে। আশার কথা হচ্ছে, ডিসেম্বরের শেষদিকে এসে কিছু কিছু বিক্রি হচ্ছে।
বাংলাদেশ অটো রি-রোলিং ও স্টিল মিলস অ্যাসোসিয়েশনের ফাউন্ডার চেয়ারম্যান এস কে মাসুদুল আলম মাসুদ বলেন, আমরা ব্যাংকগুলোকে টাকায় এলসি পরিশোধ করলেও কাঁচামাল আমদানি করতে হয় ডলারে। এখন ডলারের দাম ১২০ থেকে ১৩০ টাকায় উঠে গেছে। ফলে রড ও সিমেন্টশিল্পের যে পুঁজি ছিল তার প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে শুধু ডলারের মূল্যবৃদ্ধির কারণে। নির্মাণ উপকরণশিল্পে এ সংকট চলতে থাকলে দেশের অর্থনীতি অচল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেন তিনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।