খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমাবনতি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে পানি জমার পরিমাণ বাড়ছে। এ কারণে মাঝেমধ্যেই পানি অপসারণ করতে হচ্ছে। থেমে থেমে জ্বর আসছে। মাঝেমধ্যেই বেড়ে যাচ্ছে শ্বাসকষ্ট। শারীরিকভাবেও তিনি খুবই দুর্বল। এজন্য একা চলাচল করতে পারছেন না। গত রোববার রাতে বাথরুমে পড়ে যান। তবে তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা ছুটে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি।
বিএনপি চেয়ারপারসনের একজন চিকিৎসক জানান, যে কোনো মুহূর্তে আবারও তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হতে পারে। সর্বশেষ সোমবার করা ইকো, আল্ট্রাসনোগ্রামসহ স্বাস্থ্যের আরও বেশকিছু পরীক্ষার রেজাল্টও আশানুরূপ নয়। প্যারামিটারগুলো ক্রমেই নিচের দিকে যাচ্ছে।
এই চিকিৎসক আরও জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা দুর্বলতার পাশাপাশি লিভার সিরোসিসের অবস্থা গুরুতর। এ বিষয়ে দেশে উন্নত চিকিৎসা নেই। তার লিভার প্রতিস্থাপন ছাড়া বিকল্প নেই। লিভারের পাশাপাশি তার কিডনি জটিলতা ও ডায়াবেটিসের মাত্রাও বাড়ছে। ফলে একটি কমাতে গেলে আরেকটিতে সমস্যা সৃষ্টি হচ্ছে। এখন সহনশীল ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।