কয়েকজন উপদেষ্টার কথায় খটকা লাগে -ফখরুল
কয়েকজন উপদেষ্টার কথায় খটকা লাগে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা একটা সরকারে আছেন, দায়িত্ব পালন করছেন। এমন কোনো কথা বলবেন না বা এমন কোনো কাজ করবেন না, যাতে জনগণ বিভ্রান্ত হয়। স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, সরকারের মেয়াদ চার বছর। এটা তার বলার কথা নয়।
ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, কেন দ্রুত নির্বাচন চাই, এটা পরিষ্কার করেছি। নির্বাচিত সরকার ছাড়া জনগণকে আর কেউ ব্যবহার করতে পারবে না। এজন্য সংস্কার করতে হবে। সেই সংস্কার জনপ্রতিনিধি দিয়ে সংসদে পাস করাতে হবে। সুতরাং নির্বাচন যত তাড়াতাড়ি হবে, দেশের জন্য তত মঙ্গল।
মির্জা ফখরুল বলেন, কোথাও ফাঁদ থাকলে গণতন্ত্রের শত্রুরা বিপ্লবকে ব্যর্থতায় পরিণত করার সুযোগ পাবে। বিভিন্ন মহল দাবিদাওয়া নিয়ে আসছে। এরা কেন এ দাবি আগে করেনি?’
দাবি উত্থাপনকারীদের অপেক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সরকার আসুক, তারপর দাবি নিয়ে আসুন। এভাবে দাবি নিয়ে এলে দেশের স্থিতিশীলতা নষ্ট হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।