কিছু পত্রিকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক খবর ছাপানো হয় -তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অব্যাহতভাবে দেশ এগিয়ে যাচ্ছে ও দারিদ্র্য কমছে। পাশাপাশি প্রতিটি মানুষের সমৃদ্ধি ও স্বচ্ছলতা এসেছে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশের এই অর্থনৈতিক সমৃদ্ধি অনেকের পছন্দ হয় না। সেজন্য দেখা যায়, কিছু কিছু পত্রিকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক খবর প্রকাশ করা হয়। বিদেশ থেকে চিহ্নিত ব্যক্তি বিশেষ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু এতে বাংলাদেশকে দমিয়ে রাখা যায়নি।
গতকাল জুমুয়াবার চট্টগ্রাম নগরে দেওয়ানজী পুকুর পাড়ের বাসায় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, কূটনীতিকদের আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো সমীচীন নয়। প্রয়োজনে কূটনীতিকদের আচরণ সম্পর্কিত ভিয়েনা কনভেনশন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে। আমরা বাজেটের জন্য ভিক্ষার ঝুলি নিয়ে কারও দ্বারে দ্বারে ঘুরে বেড়াই না। আমাদের সাহায্য দেওয়ার জন্য তারা অর্থের ঝুলি নিয়ে আমাদের কাছে আসে। আমাদের খাটো করার সময় চলে গেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১২টি দেশের দূতাবাসের পক্ষ থেকে একটি বিবৃতি তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ভারতে কয়েকদিন ধরে বিবিসির কার্যালয়ে তল্লাশি করা হয়েছে। সেখানে কী এ ধরনের বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ ও বিবৃতি সেখানে দিয়েছে? দেওয়া হয়নি। কারণ ভারত বড় দেশ ও ভারতের শক্তি-সামর্থ বেশি। সেজন্য সেখানে সেই সাহস দেখাতে পারেনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।