কালো টাকা সাদা করার নতুন পদ্ধতি বলে সন্দেহ এনবিআরের
রফতানিতে প্রণোদনা পেতে হলে বিদেশ থেকে মূল্য প্রত্যাবাসনের ১৮০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হয়।
রফতানিতে প্রণোদনা পেতে হলে বিদেশ থেকে মূল্য প্রত্যাবাসনের ১৮০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রমাণসহ সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হয়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যাংকের পক্ষ থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মের মাধ্যমে নিরীক্ষা করানোর নিয়ম রয়েছে। এ নিরীক্ষা শেষে দেয়া সনদের ভিত্তিতে রফতানিকারককে ব্যাংকের মাধ্যমে নগদ সহায়তার অর্থ বিতরণ করা হয়। যদিও এসব প্রক্রিয়া অনুসরণ না করেই নগদ প্রণোদনা নেয়ার নজির রয়েছে অনেক। এমনকি পণ্য রফতানি না করেও নগদ প্রণোদনা নেয়ার প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সাম্প্রতিক এমন কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে এনবিআর সন্দেহ করছে, এভাবে রফতানি না করে মিথ্যা ঘোষণায় অর্থ প্রত্যাবাসন এবং নগদ প্রণোদনা গ্রহণের পাশাপাশি কালো টাকাও সাদা করা হচ্ছে।
সম্প্রতি জিলানি এক্সিম নামে একটি প্রতিষ্ঠানের ৭৩টি বিল অব এক্সপোর্ট যাচাই করতে গিয়ে এ সন্দেহ আরো দৃঢ় হয় বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা। এসব বিলে আলু রফতানির ঘোষণা থাকলেও প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানটি তা রফতানি করেনি। যদিও এ রফতানির বিপরীতে ব্যাংক থেকে নগদ প্রণোদনা নিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া অন্যান্য প্রক্রিয়াও ছিল ভুয়া। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে প্রতিষ্ঠানটির রফতানির অর্থ প্রত্যাবাসনসংক্রান্ত তথ্য চাওয়ার অনুরোধ জানিয়ে এনবিআরের রফতানি, বন্ড ও আইটি বিভাগে চিঠি দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউজ।
সংশ্লিষ্টদের ভাষ্যমতে, এমন আরো অনেক প্রতিষ্ঠান এ ধরনের কর্মকা- ঘটিয়েছে। আমদানি-রফতানি বাণিজ্যে এ ধরনের কার্যক্রম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে একা করা সম্ভব না। সেক্ষেত্রে দেশের বাণিজ্য খাতে এ ধরনের কোনো চক্র সক্রিয় আছে কিনা বা থাকলেও কতগুলো সে বিষয়ে ভালোমতো অনুসন্ধান হওয়া প্রয়োজন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।