এবার আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার
নিয়ন্ত্রণহীন দামে রাশ টানতে ডিমের পর এবার আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলুর সরবরাহ বৃদ্ধি ও দাম স্থিতিশীল রাখতে আলু আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগ্রহী আমদানিকারকদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।
কোল্ডস্টোরেজ ও আড়তদার যৌথ সিন্ডিকেট করে আলু দাম বাড়াচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
তিনি বলেন, আলুর অস্বাভাবিক দাম কোনক্রমেই গ্রহণযোগ্য না। যে পরিমাণ আলু মজুদ আছে তাতে দাম এত হবার কথা না। কোল্ডস্টোরেজ ও আড়তদার যৌথ সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে।
তিনি আরও বলেন, গতবছর চাষিরা দাম পায় নাই। ব্যবসায়ীরাও লাভ করতে পারে নাই। তাই ক্ষতি পুষিয়ে নিতে এবার আগ্রাসী মনোভাব নিয়ে দাম বাড়াচ্ছে। কোন ক্রমেই ৪০ থেকে ৪৫ টাকা আলুর কেজি হবার কথা না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।