এক সপ্তাহে চালের কেজি বাড়ল ৫ টাকা
পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে চালের দাম। গত সপ্তাহে খুচরা পর্যায়ে যে মিনিকেট চালের দাম ছিল ৬৫ টাকা তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকায়। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, সদ্য শেষ হওয়া বছরে আমন ধানের রেকর্ড উৎপাদন হয়েছে। দাম বাড়ার কোনো কারণ নেই। সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মহাখালী কাঁচাবাজার ঘুরে দেখা যায়, মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ব্রি ২৮ চাল ৫৫ টাকা, নাজিরশাইল ৭৫ থেকে ৮০ টাকা, দেশি মোটা চাল ৫০ টাকা, পোলাওয়ের চাল বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। এছাড়া সব ধরনের চালে বস্তাপ্রতি দাম বেড়েছে ২৫০ থেকে ৩০০ টাকা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নানা অজুহাতে মিলাররা অধিক দামে চাল বিক্রি করায় পাইকারি পর্যায়ে বেড়েছে চালের দাম। যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও। অনেকে আবার ইঙ্গিত করছেন নির্বাচনের প্রভাবকেও।
পর্যাপ্ত সরবরাহ থাকার পরও অতিরিক্ত মুনাফার আশায় চাল মজুত করে দাম বাড়ানো হচ্ছে বলে দাবি করেন খুচরা ব্যবসায়ীরা। মহাখালী কাঁচাবাজারের ব্যবসায়ী জনি বলেন, সব ধরনের চালের দাম ৪ থেকে ৫ টাকা বেড়েছে। যা গত সপ্তাহেও কম ছিল। পাইকাররা বলছেন মিলার রেট বেশি, তাই দাম বেড়েছে। মূলত সিন্ডিকেটের ফলেই দাম বেড়ে গেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।