ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে গ্যারেজে অভিযান
আসন্ন ঈদে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কর বাস চলাচল রোধে যৌথ অভিযান শুরু হয়েছে। গাবতলী বাস টার্মিনাল থেকে আমিনবাজার ও বেড়িবাঁধ পর্যন্ত বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে বিআরটিএ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল থেকে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান বলেন, ঈদ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়বেন এবং পরে ফিরে আসবেন। এ সময় যাতে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামতে না পারে, সে জন্য আমরা গ্যারেজ ও ওয়ার্কশপে সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করছি। এসব গাড়ি রাস্তায় চলাচল করলে দুর্ঘটনা ও যানজট সৃষ্টি হয়। তাই ওয়ার্কশপগুলোতে অভিযান চালিয়ে তাদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, গাড়ির ফিটনেস যাচাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে কী ব্যবস্থা নেওয়া হবে- প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক পরিবহন আইনে এসব গাড়ির বিরুদ্ধে জেল-জরিমানার ব্যবস্থা রয়েছে। যেসব গাড়ির ফিটনেস নেই, সেগুলো শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।